পঞ্চায়েত ভোটের মুখে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে একের পর এক সমবায় নির্বাচনে ধরাশায়ী বাম- রাম। এবার তাজপুর সমবায় ভোটে একচেটিয়া জয় পেল তৃণমূল। খাতাই খুলতে পারল না বাম রাম কংগ্রেস মহিষাদলের তাজপুর সমবায় সমিতির নির্বাচন ছিল রবিবার। এই সমবায় সমিতির মোট আসন সংখ্যা ১২। একটি আসনে তৃণমূল আগেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় জিতে যাওয়ায় ভোট হয় ১১ আসনে।
ভোট দান ঘিরে কোনও অশান্তি না হলেও কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। ভোটের ফল বেরতে দেখা যায় নিরঙ্কুশ জয় পেয়েছে তৃণমূল। ১১ আসনেই বাম বিজেপি কংগ্রেসকে কয়েক যোজন দূরে ফেলে দিয়েছে তারা। ১১ আসনেই বিশাল ব্যবধানে জয় পেয়েছে তৃণমূল প্রার্থীরা।অন্যদিকে, সুতাহাটা ব্লক গুয়াবেড়িয়া অঞ্চল এর অন্তর্গত বৈষ্ণবচক সমবায় সমিতির নির্বাচনেও তৃণমূল একচেটিয়া জয় পায় এদিন। এখানে বাম রাম জোট হলেও তারা খাতাই খুলতে পারেনি। ১২ আসনের সব কটিতেই জয় পেয়েছে তৃণমূল।
বিপুল জয়ের পর আবির খেলায় মাতেন তৃণমূল কর্মীরা। অন্যদিকে, মুখ লুকতো ব্যস্ত বাম রাম কংগ্রেস। সিপিএমের বক্তব্য, সাংগঠনিক দুর্বলতার জন্য এই হার। ভাজপার দাবি, তৃণমূলকে হারাতে সব বিরোধীদের একজোট হতে হবে। তবেই কাজের কাজ হবে। যদিও বাম রামের জোট প্রসঙ্গে খোঁচা দিচ্ছে তৃণমূল।
তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা কমিটির পাল্টা বক্তব্য, পূর্ব মেদিনীপুরে বেশীরভাগ সমবায়েই বাম রাম জোট হচ্ছে। কোথাও তলায় তলায় কোথাও প্রকাশ্যে। এত কিছু করেও তো তৃণমূলকে হারানো যাচ্ছে না। আসলে মানুষ ধান্দাবাজির রাজনীতি পছন্দ করে না, তাই সব জায়গায় ওদের গলাধাক্কা খেতে হচ্ছে। পঞ্চায়েত ভোটেও একই পরিণতি হবে ওদের।






