Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

১৪২ তম বর্ষে পদার্পণ করলো কাঁথি মডেল ইনস্টিটিউশন

কাঁথি মডেল ইনস্টিটিউশন আজ ১৪২ তম বর্ষে পদার্পণ করল। এই উপলক্ষ্যে দিনভর আয়োজিত অনুষ্ঠানের প্রভাতী পর্বে বিদ্যালয়ের পদ্মের উপর শঙ্খ সমন্বিত পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার পয়ড়্যা। বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং যুগনায়ক বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তি সহ বিদ্যালয়ের রূপকার আচার্য গজেন্দ্রনাথ গুছাইত,আচার্য নন্দলাল মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি এবং স্থপতিবৃন্দের স্মারকবেদীতে  মাল্যদান করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার পয়ড়্যা, সদ্য অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবব্রত পাল,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্ধার্থ শংকর কর, বিশিষ্ট প্রাক্তনী তথা কাঁথি কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক ডঃ প্রদীপ্ত পঞ্চাধ্যায়ী, বিশিষ্ট সমাজসেবী গৌতম কুমার রায়, বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী কাঁথি ক্লাবের সম্পাদক কৃষ্ণেন্দু মাইতি। বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক,বর্তমান শিক্ষক-শিক্ষাকর্মী,প্রাক্তনী,পরিচালন মণ্ডলীর সদস্য সকলে মিলে ১৪২টি স্মারক প্রদীপ প্রজ্জ্বালন করেন। বিদ্যালয়ের দেওয়াল পত্রিকা ‘উন্মেষ’-এর আবরণ উন্মোচন করেন ডঃ প্রদীপ্ত পঞ্চাধ্যায়ী। 

দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অর্ঘ্য ও স্মৃতিচারণ সভায় পৌরোহিত্য করেন সদ্য অবসরপ্রাপ্ত তথা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবব্রত পাল। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্ধার্থ শংকর, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার পয়ড়্যা, সাহিত্য বিভাগীয় অবসরপ্রাপ্ত সহ-শিক্ষক প্রমথেশ মণ্ডল, প্রাক্তনী বিশিষ্ট সাংবাদিক চন্দন আচার্য,গৌতম কুমার রায়, কৃষ্ণেন্দু মাইতি, অধ্যাপক ডঃ প্রদীপ্ত পঞ্চাধ্যায়ী,পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি উৎপল কান্তি মাইতি প্রমুখ। অতিথিবৃন্দ তাঁদের স্মৃতিচারণায় অতীতের ধারা বহন করে আগামী দিনে বিদ্যালয়ের অগ্রগতির ধারা বজায় রাখার আহ্বান জানান। ছাত্রদের আবৃত্তি,সংগীত, আলোচনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিজ্ঞান বিভাগীয় শিক্ষক শ্রীনিবাস জানা,প্রাক্তনী তথা বর্তমান শিক্ষক সুজন কুমার দাস, কমলেন্দু পণ্ডা, রণজিৎ জানা প্রমুখ। এই উপলক্ষ্যে আয়োজিত সম্মিলিত দ্বিপ্রাহরিক প্রীতিভোজে বিদ্যালয়ের প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের  শিক্ষার্থী সহ শিক্ষক-শিক্ষিকা,শিক্ষাকর্মী,প্রাক্তনী,প্রাক্তন শিক্ষক শিক্ষাকর্মী পরিচালন মণ্ডলীর সদস্যবৃন্দ অংশগ্রহণ  করেন। সন্ধ্যায় সমগ্র বিদ্যালয় ভবন আলোকমালায় সুসজ্জিত  হয়ে ওঠে।৪ঠা সেপ্টেম্বর (বুধবার) বিদ্যালয় ছুটি থাকবে বলে ঘোষণা করা হয়েছে।

Related News

Also Read