একজনকে তমলুকের প্রার্থী করেছে বিজেপি,যিনি বাংলার ১০ কোটি মানুষের মহিলা মুখ্যমন্ত্রীর রেট জানতে চান ! আর একজন এখানকার বিজেপি বিধায়ক,যিনি সন্দেশখালির মায়েদের সম্ভ্রমের দাম ঠিক করেন ২০০০ টাকা ! বুধবার নন্দীগ্রামে বাইপাস মাঠের জনসভা থেকে এই ভাষাতেই অভিজিৎ গাঙ্গুলী ও শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমনে ভরিয়েছেন তৃনমূলের সর্ব ভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে নন্দীগ্রামের একাধিক ইস্যুতে বিজেপির পাশাপশি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলীকে কটাক্ষ করেন।
অভিষেক বলেন,নন্দীগ্রামের মাটি বিজেপির স্বৈরাচারীদের মাটি নয়। তৃণমূলের দুর্জয় ঘাঁটি। এক ছটাক জমিও এখানে আমরা কাউকে ছাড়ব না।
বলেন ২১ এর নির্বাচনে লোডশেডিং করে চারটি ইভিএমে কারচুপি করে শুভেন্দু অধিকারীকে জয়ী ঘোষণা করা হয়। আমরা আদালতে গিয়েছিলাম। বিধায়ক এতই ভীত, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান। আবেদন করেন, অন্য হাই কোর্টে মামলা সরিয়ে দেওয়া হোক। আদালত কষিয়ে দু’গালে থাপ্পড় মেরেছে। বলেছে কলকাতা হাই কোর্টেই মামলা হবে।
এবারেও ৮০টি বুথে ছাপ্পা করে জয়ের পরিকল্পনা করেছে ।সেই পরিকল্পনা কোন ভাবেই সফল হবেনা জানিয়ে দিয়েছেন অভিষেক।বলেন কাদের কাদের লাগানো হবে ,সব আমাদের কাছে খবর আছে।সেই সব লোকেদের বলছি শুধরে যান,বাপ্পাদের (তৃনমূল ব্লক সভাপতি) যোগাযোগ রাখুন।না হলে আমারও জানা আছে কি ভাবে সোজা করতে হয় !
আক্রমনের ঝাঁচ বাড়িয়ে বলেছেন অভিষেক বলেন,তিন বছরে কী করেছেন শুভেন্দু? ১০০ দিনের কাজ বন্ধ করার পর দিল্লিতে গিয়ে ফুর্তি করেছেন। আমরা দিল্লিতে গিয়ে আন্দোলন করেছি। কেন্দ্র তারপরেও টাকা না দেওয়ায় আমাদের সরকার টাকা দিয়েছে।
শুভেন্দুর কুরুচিকর মন্তব্যের অডিয়োও মঞ্চে শুনিয়ে অভিষেক বলেন,১০ কোটি মানুষ ভোট দিয়ে জিতিয়েছেন। তাঁর বাপবাপান্ত করছেন নন্দীগ্রামের বিধায়ক।
লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে বলে এক বিজেপি নেত্রীর অডিও বার্তা শুনিয়ে বলেন শুভেন্দু বৃহস্পতিবার এখানে আসবেন। ওঁকে জিজ্ঞেস করুন, বুকের পাটা থাকলে এই মহিলার বিরুদ্ধে পদক্ষেপ করেননি কেন?
নন্দীগ্রামের এই সভা থেকে অভিষেক বলেন, ‘পথপ্রদর্শক, সমাজসংস্কারক রামমোহন রায়ের জন্মদিবসে আমরা শপথ নেব। তিনি ভারতকে পথ দেখিয়েছিলেন। সতীদাহ প্রথা রদ করেছিলেন। এই রামে আমরা বিশ্বাস করি। যোগী আদিত্যনাথের রামে,অমিত শাহের হিন্দু ধর্মে বিশ্বাস করি না। আমাদের কাছে রাম হলেন রামমোহন রায়।
অভিষেক বলেন, কেন্দ্রে মোদী সরকারের মেয়াদ আর মাত্র ১০ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফলেই জানা যাবে, কেন্দ্রের মসনদ থেকে বিজেপি বিদায় নিচ্ছে। তমলুক লোকসভা কেন্দ্রের মানুষের কাছে আবেদন করেন দেবাংশুকে অন্তত দু’লক্ষ ভোটের ব্যবধানে জেতানোর ।






