এক নাবালিকাকে যৌন হেনস্থার শিকার হতে হল,আর এর জন্যে অভিযোগ উঠল তার বাবার বিরুদ্ধে।নরাধম পিতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল নাবালিকার মা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকা জুড়ে উত্তেজনা। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত বাবার বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা দাবি তুলে সকাল থেকে অবরোধ বিক্ষোভে সামিল হল ।
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি তিন ব্লকের কানাইদিঘি গ্রামে নক্কারজনক ঘটনাটা ঘটেছে। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ালো এলাকায়। অভিযোগ বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে নিজের মেয়ের উপরে যৌন নির্যাতন চালায় অভিযুক্ত বাবা। নাবালিকা তার নির্যাতনের কথা জানাতে চাইলে তাকে তার বাবা মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ। নির্যাতনের পর নাবালিকা অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি তার মা জানতে পারে। বিষয়টি প্রথমের দিকে ধামাচাপা দিতে চাইলেও প্রকাশ্যে আসে ঘটনা।
প্রতিবেশী এবং সেই গ্রামের অন্যান্য বাসিন্দারা জানতে পেরে যৌথভাবে প্রতিবাদে সামিল হয়। রবিবার সকাল থেকে দফায় দফায় চলতে থাকে গ্রামের মধ্যে পথ অবরোধ বিক্ষোভ । এলাকাবাসীর দাবি নাবালিকার বাবার দৃষ্টান্তমূলক শাস্তির।
অভিযোগ দীর্ঘক্ষণ এই বিক্ষোভ অবরোধ চলতে থাকলে কোন প্রশাসনিক তৎপরতা চোখে পড়েনি। তারপরেই গ্রামবাসীর চাপে বাধ্য হয়ে নির্যাতিতা নাবালিকার মা মারিশদা থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ সূত্রে জানা গেছে নাবালিকার ডাক্তারি পরীক্ষা করানো হয়। অভিযুক্ত বাবা এলাকা ছাড়া।







