খেজুরীর বেগুনাবাড়ী ভাই ভাই সংঘ ও সুকৃতি সংঘের উদ্যোগে চারদিন ব্যাপী গণেশ উৎসবের সমাপ্তি দিবসে অনুষ্ঠিত হলো প্রবীণ নাগরিক সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান৷
সভায় সভাপতিত্ব করেন প্রবীণ নাগরিক সন্ধ্যারাণী মান্না ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি সাহিত্যিক সমরেশ সুবোধ পড়িয়া, মুখ্য অতিথি অ্যাডভোকেট গৌতম আচার্য, গৌতম নাজির, আশারাণী জানা, রুণা সাহু, ইন্দ্রাণী দিন্ডা, রামকৃষ্ণ আচার্য, গণেশ জানা সহ বাহান্নজন প্রবীণ নাগরিকগণ৷

স্বাধীনতার পঁচাত্তর বৎসর পূর্তিতে আন্তর্জাতিক মহিলা দিবসে প্রবীণ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের মতো এক মহতী অনুষ্ঠানের আয়োজনে বিশিষ্ট অতিথিগণ সকলে সংঘের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন৷

প্রবীণ নাগরিকদের ফুল চন্দনের ফোঁটা ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়৷ বয়স্ক ব্যক্তিদের ধুতি, ভগবতগীতা ও মিষ্টি এবং বয়স্কা মায়েদের শাড়ী, ভগবতগীতা ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংঘের সম্পাদক ক্ষৌণিশ বেরা এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সংঘের সভাপতি দিব্যেন্দু গিরি ৷
রাত্রিকালীন বিচিত্রানুষ্ঠানের শেষে চারদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়৷






