ভালো পড়াশোনার জন্য সামগ্ৰিকভাবে সুস্থ থাকাটা খুব প্রয়োজন। আবার ভবিষ্যতে পেশা হিসেবে কোনো কোনো ক্ষেত্রকে বেছে নেওয়ার ক্ষেত্রে বিশেষ শারীরিক সক্ষমতা কিংবা শারীরিক গঠনেরও প্রয়োজন হয়। আর এই কারণেই প্রতিটি ছাত্রের নিজস্ব প্রয়োজন বুঝে সঠিক ফিটনেসের পথ দেখানোর জন্য শনিবার কাঁথি ৩ ব্লকের বনমালীচট্টা হাইস্কুলের হোস্টেল কর্তৃপক্ষ গ্ৰহন করলো “হেল্থ ওরিয়েন্টেড ফিটনেস ট্রেনিং” কর্মসূচী। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন জেলার ছাত্ররা এই স্কুলের হোস্টেলে থেকে পড়াশোনা করে। কীভাবে ব্যায়াম করতে হবে তার সঠিক পদ্ধতি দেখিয়ে দেওয়া, ছাত্রদের উন্নতি পর্যবেক্ষণ করা, ডায়েট প্ল্যান ঠিক করে দেওয়া, ব্যায়াম করার যন্ত্রপাতি কীভাবে ব্যবহার করতে হবে তা দেখিয়ে দেওয়া, দৈনিক কতো সময় ওয়ার্ক আউট করতে হবে তার রুটিন তৈরি করে দেওয়া থেকে শুরু করে বিশদে আলোচনা ও হাতেনাতে প্রশিক্ষণ দেন বিশিষ্ট ফিটনেস এক্সপার্ট শিবরাম গিরি।
এই শিবির বিনামূল্যে ছাত্রাবাসের ছাত্রদের জন্য প্রতি শনিবার বিকেলে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন হোস্টেল সুপার তথা স্কুলেরই বিজ্ঞান শিক্ষক অজয় কুমার গিরি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালন সমিতির সভাপতি শুকদেব জানা, সুখেন্দু বারিক, সুমন দাস প্রমুখ।







