হুগলি থেকে প্রকাশিত ‘দীপায়ন’ সাহিত্য পত্রিকার সপ্তম সূচনা দিবসের এক আনন্দঘন অনুষ্ঠান হয়ে গেল গত রবিবার নিউ দীঘা সায়েন্স সেন্টারের সায়েন্স অডিটোরিয়ামে। অনুষ্ঠানে উদ্বোধক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁথি মডেল ইন্সটিটিউশনের অবসরপ্রাপ্ত সাহিত্য বিভাগীয় শিক্ষক প্রমথেশ মণ্ডল, আনুষ্ঠানিক সভাপতি শচিদুলাল পাল, প্রতিষ্ঠাতা ও সম্পাদিকা শিলাবৃষ্টি (করকাশ্রী চট্টোপাধ্যায়), সহ-সম্পাদক গৌতম কুমার রায়, সভাপতি নির্মিতা পাহাড়ী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘কাব্যতরী’ সাহিত্য পত্রিকার সম্পাদক প্রবীর চৌধুরী, ‘অপু-দুর্গা’ সাহিত্য পত্রিকার সম্পাদিকা চৈতালী মজুমদার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মৃদুল বোস, আমেরিকার নিউ জার্সি থেকে কবি শ্যামলী রায়, ক্যালিফোর্নিয়া থেকে কবি গল্পকার চিত্রা দাশগুপ্ত এবং দীপায়ন সাহিত্য পত্রিকার অভিভাবিকা স্বরূপ অলকানন্দা চক্রবর্তী প্রমুখ।প্রদীপ প্রজ্জ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন উদ্বোধক, সভাপতি, সম্পাদিকা ও অন্যান্য সাহিত্যিকগণ। ‘দীপায়ন’-এর উদ্বোধনী থীম সং পরিবেশন করেন দীপায়নের সম্পাদিকা শিলাবৃষ্টি ও ‘সাঁঝবেলা’ মিউজিক গ্রুপের
সাথীবৃন্দ। এই উপলক্ষ্যে ৮৮জন কবির লেখা নিয়ে যুথিকা সাহিত্য পত্রিকা প্রকাশনী থেকে বিশেষ কবিতা সংকলন ‘নারী’ গ্রন্থের আত্মপ্রকাশ ঘটে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত ৮০ জন কবি সাহিত্যিককে উত্তরীয়, চন্দনের তিলক পরিয়ে বরণ করে স্মারক সম্মানে ভূষিত করা হয়। দুপুর থেকে রাত্রি পর্যন্ত কবিতা পাঠ, সাহিত্য আড্ডা, শ্রুতি নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দীপায়নের সপ্তম সূচনা দিবস জমজমাট হয়ে ওঠে। শিলাবৃষ্টি ও শচীদুলাল পাল নিবেদিত শ্রুতি নাটক “দোঁহারে দেখেছি দোঁহে” বিশেষ ভাবে সমাদৃত হয়। প্রাণবন্ত সঞ্চালনায় সমগ্র অনুষ্ঠানের সুর বেঁধে দেন সঞ্চালিকা সংস্থা সভাপতি নির্মিতা পাহাড়ী এবং সহযোগী সম্পাদিকার কন্যা ‘মুন’।






