ভগবানপুর ১ ব্লকের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার পথ অবরোধ কর্মসূচি পালন করল ভগবানপুর ১ তৃণমূল কংগ্রেসের এসসি–এসটি ও মাইনরিটি সেল। মির্জাপুর বাস স্ট্যান্ড এবং বাড় ভগবানপুর বাস স্ট্যান্ডে এই অবরোধ অনুষ্ঠিত হয়। অভিযোগ, ইডি ও সিবিআইয়ের মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করা হচ্ছে—এরই প্রতিবাদে এই কর্মসূচি।
এই পথ অবরোধের নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সদস্য সুখেন রায়। উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি সভাপতি কমলা কান্ত পাত্র, জেলা পরিষদ সদস্য পলাশ বর্মন, আসফার রহমান, গোকুল মিদ্যা, কৌশিক ভূঞ্যা সহ আরও অনেকে।

অবরোধস্থলে বক্তব্য রাখতে গিয়ে সুখেন রায় বলেন, “সাধারণ মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বাংলার বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদে এগিয়ে আসতে হবে।”
প্রায় ৪০ মিনিট ধরে চলা এই পথ অবরোধের ফলে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। তবে সাধারণ যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে পরে শান্তিপূর্ণভাবেই অবরোধ তুলে নেওয়া হয়।





