পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার অধীন খেজুরি-১ ব্লকের অন্তর্গত বিক্রামনগর সাব সেন্টারের আশাকর্মী মন্দিরা ভূঁঞ্যা গত বুধবার নিজের সেন্টারে এএনএম শোভা ভূঁঞ্যার দ্বারা আক্রান্ত হন বলে অভিযোগ।
আশা কর্মীর দাবি সেন্টারের শুরুতে আলো জ্বালানোকে কেন্দ্র করে শোভা ভূঁঞ্যা হঠাৎ করেই রেগে গিয়ে তাঁকে মারতে থাকেন। অন্যান্য আশাকর্মী আটকানোর চেষ্টা করলেও উনি না শুনে ওই আশাকর্মীর উপর ঝাঁপিয়ে পড়েন। এমনকি হাত পাখা দিয়েও মারধর করেন।প্রসঙ্গত প্রহৃতা আশা কর্মী ক্যান্সারে আক্রান্ত। ওই আশাকর্মীর ক্যান্সারে আক্রান্ত জায়গার উপরও মারধর করেন বলে অভিযোগ। এই ঘটনায় ব্লকের প্রতিটি আশাকর্মী মর্মাহত।
রাজ্যের সর্বত্র কর্মক্ষেত্রে আশাকর্মীরা হয়রানির শিকার হচ্ছেন। সেদিনের সেই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে আজ কামারদা বিপিএইচসিতে ব্লকের সমস্ত আশাকর্মী জমায়েত হন।অভিযুক্ত এএনএম শোভা ভূঁঞ্যার শাস্তির দাবিতে বিএমওএইচ এর কাছে বিক্ষোভ ডেপুটেশনের জন্য।
আন্দোলনকারীদের দাবি প্রথমে বিএমওএইচ ডেপুটেশন নিতে অস্বীকার করেন। এই ঘটনার প্রতিবাদে আশাকর্মীরা প্রায় ২ ঘন্টা বিএমওএইচ অফিস ঘেরাও করে রাখেন। তারপর ডেপুটেশন নিতে বাধ্য হন।
এদিনের ডেপুটেশানের পরিপ্রেক্ষিতে বিএমওএইচ বলেন ,সিএমওএইচ এর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কমিটি আগামী মঙ্গলবার হেড়িয়া পিএইচসিতে যাবেন।
আজকের কর্মসূচিতে নেতৃত্বে দেন পশ্চিম বঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষে কৃষ্ণা প্রধান, শ্রাবন্তী মন্ডল, সুদেষ্ণা মাইতি, সুজাতা মাইতি, উজ্জ্বলা মাইতি প্রমুখ।







