Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবি শিক্ষক সংগঠনের ।।


নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব মেদিনীপুর জেলার ৪১ তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো কাঁথি জনমঙ্গল সংহতি হলে সম্মেলনের পূর্বে কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে লাগোয়া এলাকায় সংগঠনের পতাকা উত্তোলন ও  শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাল্যদান কর্মসূচি হয়। তারপর সংগঠনের পক্ষ থেকে একটি সুসজ্জিত মিছিল কাঁথি  সেন্ট্রাল বাস স্ট্যান্ড এলাকা পরিক্রমা করে।

সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট অধ্যাপক শিক্ষাবিদ ও বাম আমলের প্রাক্তন বিধায়ক শ্রুতিনাথ প্রহরাজ। উদ্বোধনী বক্তব্যে শ্রুতিনাথ বাবু বলেন, রাজ্য ও কেন্দ্রীয় সরকার উভয়েই চাইছে শিক্ষাকে বেসরকারিকরণ করতে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষা খাতে বরাদ্দ কমাচ্ছে। ফলে রমরমিয়ে বাড়ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান।

অভিযোগ করেছেন রাজ্যের তৃণমূল সরকারের ১১ বছরে বহু সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। শিক্ষাঙ্গনের পরিকাঠামো ভেঙে পড়েছে। এই নীতি চালু করার চেষ্টা হচ্ছে যে,’ অর্থ যার,শিক্ষা তার’ ‘টাকা যার, চাকরি তার’। প্রকৃত মেধার অবলুপ্তি ঘটিয়ে রাজ্যে অর্থের বিনিময়ে শিক্ষক নিয়োগের যে কেলেঙ্কারি তা সমগ্র শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করেছে।

এই সম্মেলন থেকে দাবি উঠেছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে শুধু গ্রেপ্তার নয়। শিক্ষক নিয়োগের দুর্নীতিতে যুক্ত সকল তৃণমূলের নেতা-মন্ত্রীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এবং শিক্ষক হিসাবে যোগ্যদের চাকরিতে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করতে হবে।

জেলার ৩২৫ জন প্রাথমিক শিক্ষক প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত ছিলেন। সংগঠনের জেলা সম্পাদক অশোক দাস সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন। সম্পাদকীয় প্রতিবেদনের উপরে জেলার বিভিন্ন চক্র থেকে আগত প্রতিনিধিরা রিপোর্টিং করেন।

এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি বিমলেন্দু দাস, রাজ্য নেতৃত্ব সমর চক্রবর্তী,নীলকন্ঠ দলুই, নীলরতন সাহু, হরপ্রসাদ ত্রিপাঠি, সুনীল সরকার প্রমূখ। আগামী দিন সংগঠন পরিচালনার জন্য সম্মেলন থেকে সর্বসম্মতভাবে এক কমিটি গঠিত হয়।

Related News

Also Read