গণনাকেন্দ্রে কারচুপি এবং বিজেপির জেতা প্রার্থীদের হারিয়ে তৃণমূল প্রার্থীদের জেতানো সহ গণনাকেন্দ্রে অস্বচ্ছতার অভিযোগ এনে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে গণনা কেন্দ্রে বিডিও -র অস্থায়ী কার্যালয়ে বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্বের।
বুধবার রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী, জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার, বিজেপি প্রার্থীরা বিডিও -র অস্থায়ী কার্যালয়ে ঢুকে বিক্ষোভ দেখাতে থাকে। ছুঁড়ে ফেলা হয় টেবিল। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই বিক্ষোভের ঘটনায় রায়গঞ্জের বিডিও শুভজিৎ মন্ডল আহত হয় বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
তাকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর অভিযোগ, জেলার প্রতিটি গণনাকেন্দ্রে সারারাত ধরে তৃণমূল কারচুপি করেছে এবং তাতে মদত দিয়েছে প্রশাসনিক কর্তারা। তৃণমূলের দুষ্কৃতীদের গণনা কেন্দ্রের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এবং কেন্দ্রীয় বাহিনীকে কার্যত বসিয়ে রাখা হয় বলে জানান তিনি। বিজেপির জেতা প্রার্থীদের সার্টিফিকেট না দিয়ে।। তাদের কারচুপি করে হারানো হয়েছে এবং তৃণমূল কংগ্রেসকে জেতানো হয়েছে। এতে মদত দিয়েছে জেলার প্রশাসনিক কর্তারাই বলে অভিযোগ দেবশ্রী দেবীর। পাশাপাশি গণনাকেন্দ্রে এই কারচুপির বিরুদ্ধে আদালতের যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেবশ্রী দেবী।
অপরদিকে, রায়গঞ্জের বিডিও শুভজিৎ মন্ডল বলেন, তিনি নির্বাচন গণনা প্রক্রিয়ার কাজ চলাকালিন কিছু বোঝার আগেই তার ওপরে চরাও হয়। চেয়ার টেবিল ছুড়ে মারা হয় বলে জানান তিনি।







