প্রদীপ কুমার সিংহ :- সোনারপুর থানা পুলিশ রাতে টহল দেওয়ার সময় সন্দেহ জনক ভাবে তিনজনকে ঘুরতে দেখে। তিনজনকে আটক করে। তাদেরকে জিজ্ঞাসা করে পুলিশ জানতে পারে এরা
হাওড়া ষ্টেশনের ছিনতাইকারী চক্রে জড়িত ।তাদেরকে গ্রেফতার করে।
ধৃত তিন দুষ্কৃতীরা হল রাজ আইচ, শেখ কাসেম ও আকাশ হালদার। তাদের কাছ থেকে উদ্ধার হাওড়া ষ্টেশনের যাত্রীদের মোবাইল ফোন ও মানিব্যাগ। ৫টি দামী মোবাইল উদ্ধার করেছে সোনারপুর থানার পুলিশ।
সোনারপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে থানার পিসি ইনচার্জ অর্ঘ্য মন্ডলের নেতৃত্বে মঙ্গলবার গভীর রাতে টহল দেওয়ার সময় এই তিনজনকে সন্দেহ হওয়ায় তাদের আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় মোবাইল ফোন ও মানিব্যাগ। এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে তারা মুলত রিসিভারের কাজ করত।
হাওড়া ষ্টেশনের মধ্যেই ছিনতাইকারীদের টিম সক্রিয়। তারা বিভিন্ন যাত্রীর নানান জিনিস ছিনতাই করে হাওড়া ষ্টেশনের বাইরে এসে এদের হাতে পৌঁছে দিত। সেখান থেকে চোরাই মালপত্র নিয়ে এরা ঘুটিয়ারী শরীফে জমা করত। এরজন্য প্রতিদিন এরা ৭০০ টাকা করে মাইনে পেত বলে জানা গিয়েছে।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই চক্রের সাথে আরও অনেকে যুক্ত আছে। তাদের সন্ধান চালানো হচ্ছে বলে সোনারপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে। ধৃতদের আজ বারুইপুর আদালতে পেশ করা হবে। সম্ভবত নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করবে পুলিশ।







