Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

।। নতুন বছরে চমক নিয়ে আসছেন আরিফিন শুভ ।।

চমক দিয়েই নতুন বছর শুরু করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। কয়েকদিন আগেই জানা গিয়েছে, মিজানুর রহমান আরিয়ানের রোমান্টিক সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। এবার তার নতুন সিনেমার প্রেক্ষাপট ১৯৭১।

‘দেবী’ খ্যাত আলোচিত পরিচালক অনম বিশ্বাসের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শুভ। এটি অনম বিশ্বাসের দ্বিতীয় সিনেমা; প্রায় দেড় বছর গবেষণা করে নতুন এই সিনেমার চিত্রনাট্য তৈরি করেছেন অনম নিজেই। এর প্রাথমিক নাম দেওয়া হয়েছে ‘ফুটবল ৭১’। স্বাধীন বাংলা ফুটবল দলের প্রেক্ষাপটে নির্মিতব্য এই ছবির কেন্দ্রীয় চরিত্রে যুক্ত হয়েছেন আরিফিন শুভ।



নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, “আমি অনম দাদার কাজের একজন ভক্ত। উনার কাজ আর গল্পের কারণেই সিনেমাটিতে আমার যুক্ত হওয়া। আশা করছি দারুণ কিছু তৈরি হবে।”

জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এই ছবির শুটিং শুরু হবে আগামী ফেব্রুয়ারিতে। সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা এবং অন্যান্য চরিত্রে কারা অভিনয় করছেন তা শিগগির জানানো হবে।

সিনেমার প্রেক্ষাপট সম্পর্কে অনম বিশ্বাস আগে জানিয়েছিলেন, ‘ফুটবল ৭১’ ছবিটি স্বাধীন বাংলা ফুটবল দলকে ঘিরেই। এজন্য তিনি বাংলাদেশের পাশাপাশি কলকাতায় গিয়েও শুটিং করবেন। বড় আয়োজনের এই ছবি নিয়ে তিনি কয়েক বছর ধরে গবেষণা করেছেন।

আগামী বছর মুক্তির অপেক্ষায় আছে আরিফিন শুভর ‘ব্ল্যাক ওয়ার’, ‘নূর’ ও ‘মুজিব’ সিনেমা। এছাড়া ভালোবাসা দিবসে মুক্তি পাবে আরিয়ানের নাম ঠিক না হওয়া রোমান্টিক সিনেমা।

Related News

Also Read