কেকা মিত্র :- বেহালার থিয়েটার ফর ইউ নাট্যদলের সঙ্গে যাদের পরিচয় রয়েছে, তাঁরা জানেন, নানাধরনের ক্ল্যাসিক নাটক উপহার দিয়ে তারা দর্শক প্রশংসাধন্য হয়েছে। উৎপল দত্তের ইতিহাসের কাঠগড়ায়, প্রেম চন্দ্রের সন্তান, শচীন ভট্টাচার্যের শিকার নাটক অবলম্বনে স্বীকারোক্তি, মনোজ মিত্রর সন্ধ্যাতারা ইত্যাদি একের পর এক সফল প্রযোজনা দর্শকদের ক্লান্তিহীন ভাবে দিয়ে চলেছে থিয়েটার ফর ইউ।
বর্তমান প্রযোজনা প্রজাপতি হতে হতে একটি কিশোরীর আখ্যান। সেখান থেকেই নাটকটি ডানা মেলতে এক মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মধ্য দিয়ে এক কাঙ্খিত পথে পৌঁছে যায়।
সম্পাদনা নির্দেশনা সুদীপ্ত ঘোষালের। তিনি একটি চরিত্রে অসাধারণ অভিনয়ও করেছেন। দলগত অভিনয় প্রশংসনীয়। তবু যাঁদের নাম না বললেই নয় তাঁরা হলেন স্বাগতা সেন, সুব্রত ঘোষ, মণীষা সেন, পেরমাঞ্জন দাশগুপ্ত, আদিত্য এবং নির্দেশক সুদীপ্ত ঘোষাল।
বাবলু সরকারের মনকাড়া আলোয় মঞ্চটি মায়াময় হয়ে ওঠে। সৌরভ ভট্টাচার্যের রূপসজ্জা যথাযথ। আবহে মুন্সিয়ানা দেখিয়েছেন সন্দীপ মুখার্জি। অভিজিৎ নস্করের মঞ্চনির্মিত চিন্তার খোরাক জোগায়।
থিয়েটার ফর ইউ-র আমন্ত্রণে শ্রুতিনাটক সংস্থা ‘সুকল্প’ দুটি শ্রুতিনাটক পরিবেশন করে। ‘শেষকৃত্য’ (মূল রচনা শুভমানস ঘোষ, শ্রুতিনাট্যরূপ চঞ্চল ভট্টাচার্য। ‘কী তার জবাব দেবে’ (শ্রুতিনাট্যরূপ বিশ্বজিৎ দেব রায়)।
শ্রুতিনাটকের চর্চাকেন্দ্র সুকল্প। নবরূপে আত্মপ্রকাশ করার পর সুকল্প দর্শক মনে সাড়া জাগিয়ে চলেছে এবং সেইসঙ্গে পরীক্ষামূলকভাবে নানাস্বাদের শ্রুতিনাটক মঞ্চায়ন করে চলেছে। সুকল্প সর্বদাই তাদের ফোকাস বর্তমানেই রাখে। ঐদিন উল্লেখযোগ্য অভিনয় করেন অরিন্দম মুখোপাধ্যায়, আশিস ঘোষ, শিবপদ বন্দ্যোপাধ্যায়, ইরানি মুখোপাধ্যায়, কোয়েল বন্দ্যোপাধ্যায় ও পামেলী সেনগুপ্ত।
এই দুটি শ্রুতি নাটকের মাধ্যমে সুন্দর ভাবে শ্রদ্বেয় শ্রী অতুলপ্রসাদ সেন-এর মৃত্যুদিনকে স্মরণ করেন সুকল্প নাট্যসংস্থা।
দুটি নাটকের নির্দেশনায় ছিলেন শঙ্খ ভট্টাচার্য এবং আবহে ছিলেন সৌমেন দত্ত।
সমগ্র অনুষ্ঠানটি আকাদেমি অফ ফাইন আর্টস মঞ্চে এক কথায় অনবদ্য হয়ে ওঠে।







