বয়স একটা সংখ্যা মাত্র সেটা প্রমান করলেন সন্ধ্যারানি দিণ্ডা।চেষ্টা, অধ্যবসায় এবং মনের জোর থাকলে সবই যে সম্ভব সেটা প্রমান করলেন ৫৩বছর বয়সী সন্ধ্যা দেবী। এই বয়সেই আন্তর্জাতিক স্তরের যোগাসন প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করলেন কাঁথির বাসিন্দা এই কৃতি মহিলা ।
জানা গেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ‘ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের’ উদ্যোগে ওয়ার্ল্ড যোগা কাপ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। সেখানে সিনিয়র ক্যাটাগরিতে ৫১ থেকে ৬০বছর বয়স পর্যন্ত বিভাগে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক অর্জন করেছেন সন্ধ্যাদেবী।

তিনি পেশায় কাঁথি হাইস্কুল পরিচালিত প্রাইভেট স্কুলের প্রাথমিক বিভাগের শিক্ষিকা। একইসঙ্গে কাঁথি ক্লাব পরিচালিত শিশুমহলের যোগ প্রশিক্ষিকাও বটে। সেই যোগাসনের চর্চা করতে করতেই তাঁর এই সাফল্য। শুধু তাই নয়, কাঁথি মহকুমা ব্রতচারী সমিতির ব্রতচারী প্রশিক্ষিকা সন্ধ্যাদেবী। তাঁর এই স্বর্ণপদক প্রাপ্তির সাফল্যের জন্য সোমবার তাঁকে কাঁথি ক্লাব এবং শিশুমহলের পক্ষ থেকে বিশেষভাবে সংবর্ধনা জানানো হয়।
গত ২৬ ও ২৭জুন গাজিয়াবাদে এএলটি সেন্টার অডিটোরিয়ামে ওই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল। প্রতিযোগিতায় ভারত ছাড়াও মালয়েশিয়া ও গ্রেট ব্রিটেন অংশ নেয়। ৫১থেকে ৬০বছর বয়স পর্যন্ত সিনিয়র বিভাগে অন্যান্য প্রতিযোগীদের পিছনে ফেলে চূড়ান্ত সাফল্য অর্জন করেন সন্ধ্যাদেবী। এর আগে গত ১৪ ও ১৫মে হুগলি জেলার উত্তরপাড়া ভদ্রকালী উচ্চ বিদ্যালয়ে ইউনিভার্সাল যোগা স্পোর্টস-এর উদ্যোগে অনুষ্ঠিত প্রথম স্টেট যোগা চ্যাম্পিয়নশিপ ও ওয়ার্ল্ড যোগা কাপ ফেস্টিভ্যালের বাছাই পর্বে ৫১ থেকে ৬০বছর বয়স গ্রুপে তৃতীয় স্থান অধিকার করেন সন্ধ্যাদেবী। তারপর আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ছাড়পত্র পান তিনি।






