ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দেবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।এই উপলক্ষে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত লন্ডনে থাকবেন তিনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে প্রয়াত হন ৯৬ বছরের রানি। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে গত ১১ সেপ্টেম্বর জাতীয় শোক পালিত হয়েছে ভারতে।
বুধবার ওয়েস্টমিনস্টার হলে রাখা হবে রানির দেহ। এদিন সন্ধ্যা পাঁচটা থেকে আগামী সোমবার শেষকৃত্যের আগে সন্ধে সাড়ে ছ’টা পর্যন্ত আমজনতা রানিকে অন্তিমশ্রদ্ধা জানাতে পারবেন। তারপর ওইদিনই ওয়েস্টমিনস্টার অ্যাবেতে স্বামী ফিলিপের পাশেই সমাহিত করা হবে তাঁকে।
বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, রানি দ্বিতীয় এলিজাবেথের রাজত্বের ৭০ বছরে ভারত-ব্রিটেন সম্পর্ক নিবিড় এবং দৃঢ় হয়েছে। ভারতের তরফে প্রয়াত রানির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী।






