শাসক দলের বিরুদ্ধে ওঠা প্রাথমিক শিক্ষক নিয়োগ সহ একাধিক বিষয়ে দুর্নীতির অভিযোগের জেরে রাজ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা গুলি তদন্ত করছে।এই অবস্থায় ফের নতুন করে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে সু-স্বাস্থ্য কেন্দ্র নির্মাণে দুর্নীতির অভিযোগে জড়িয়ে পড়লেন তৃনমূল নেতৃত্ব । পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের কসবাগোলা গ্রামের সু-স্বাস্থ্য কেন্দ্র নির্মানে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ সাধারন মানুষ এবং বিরোধীদের। যদিও শাসক দলের দাবি সস্তা রাজনীতি করতে মিথ্যা প্রচার চালাচ্ছে বিরোধীরা।
অভিযোগ কয়েক লক্ষ টাকা ব্যয়ে নির্মিয়মান এই সু-স্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হলেও তাতে নিম্ন মানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। এই অভিযোগ তুলে শুক্রবার বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। গ্রাম বাসীদের অভিযোগ দোতালা সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণে নিম্নমানের ইট বালি সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। বার বার স্থানীয় প্রশাসনকে জানালেও নিরব প্রশাসন। আজ ঠিকাদাররা কাজ করতে এলে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
গ্রামবাসীর অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দিলেন এগরা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ।
এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতা অরুপ দাশ বলেন, পশ্চিমবঙ্গের কোন সরকারি বা সাধারণ মানুষের কাজ করতে হলে প্রথমে তৃণমূল নেতাদের কাটমাণি দিতে হয়। তারই বহিঃপ্রকাশ হলো আজ কশবাগোলাতে।
পাঁচরোল অঞ্চল তৃনমূল সভাপতি অশোক দাস বলেন, ওখানে স্কীম অনুয়ায়ী কাজ হচ্ছে। ওখানে দেখভালের জন্য একটি তদারক কমিটি আছে। কোনরকম অসুবিধা হলে ওই তদারক কমিটি অভিযোগ করত। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।






