পূর্ব মেদিনীপুর জেলা সুকান্ত জন্ম শতবর্ষ উদযাপন কমিটির কাঁথি মহকুমা শাখার উদ্যোগে কাঁথি মডেল ইনস্টিটিউশনে সুকান্ত ভট্টাচার্য জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা হল রবিবার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঁথি শাখা কমিটির সভাপতি তথা শিক্ষক সুশান্ত কুমার ঘোষ।পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এগরা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডঃ দীপক তামিলি। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন কমিটির জেলা সম্পাদিকা সুজাতা বেরা। উদ্বোধক ড তামিলি তার বক্তব্যে বলেন বর্তমান সময়ের প্রেক্ষিতে তারুণ্যের কবি, প্রতিবাদী ধারার কবি সুকান্ত ভট্টাচার্যের সাহিত্য আমাদের চলার পাথেয় হওয়া দরকার। কেননা আজকের সমাজের চরম মূল্যবোধহীনতা, সামাজিক অবক্ষয়, রাজনৈতিক অবক্ষয় সমাজকে ক্রমশ গভীর সংকটের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

সুকান্তের কথায় এ পৃথিবীকে যদি এ শিশুর বাসযোগ্য করে যেতে হয় তাহলে আজকে সেই সময় এসেছে যখন কিনা নবজাতকের কাছে আমাদের দৃঢ় অঙ্গীকার করতে হবে- সার্বিক অবক্ষয় রোধের। কর্মসূচির দ্বিতীয় পর্বে সুকান্ত বিষয়ক আলোচনা ও পুরস্কার বিতরণীর মুখ্য আলোচক ছিলেন সুজাতা বেরা। এই পর্বে উপস্থিত ছিলেন কাঁথি মডেল ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত শিক্ষক স্বপন পয়ড়্যা, ডঃ দীপক তামিলি,অধ্যাপক অরুন কুমার দাস। বিশিষ্ট সংগীত শিল্পী দেবকুমার জানার সংগীত সকলের মন জয় করে। কৃতীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেয়া হয় ।সঞ্চালনায় কাঁথি শাখার সম্পাদক শিক্ষক কবি দিলীপ জানা। অনুষ্ঠান সুসম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান সভাপতি সুশান্ত কুমার ঘোষ।





