Select Language

[gtranslate]
১৯শে চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ২রা এপ্রিল, ২০২৬ )

কর্মীদের উদ্দীপনা সাথে নিয়ে নন্দীগ্রাম সহ তৃণমূলের তিন প্রার্থীর মনোনয়ন

 

কোন বড় নেতা-নেত্রী নয়,শুধু কর্মী, সমর্থকদের সাথে নিয়ে হাইভোল্টেজ নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর তার মনোনয়ন পত্র জমা দিলো হলদিয়া মহকুমা শাসক দফতরে।

বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে এক সাথে হলদিয়ায় মনোনয়নপত্র জমা দিলেন নন্দীগ্রাম, হলদিয়া, মহিষাদল বিধানসভা কেন্দ্রের তিন তৃণমূল প্রার্থী। বৃহস্পতিবার সকাল থেকে তৃণমূলের এই তিন প্রার্থীর মনোনয়নকে কেন্দ্র করে হলদিয়ার মহকুমা শাসকের দপ্তর চত্বরে তৃণমূল কর্মীদের মধ্যে উন্মাদনা ছিল বিশেষ চোখে পড়ার মতো।

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে পবিত্র কর নন্দীগ্রামের শতাব্দী প্রাচীন জানকীনাথ মন্দিরে পুজো দেন। এরপর সেখান থেকে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে হলদিয়ায় আসেন।

এই কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মত বড় নেতাদের সাথে না নিয়ে মনোনয়ন দাখিল করলেও জয়ের বিষয়ে পবিত্র কর ”১০০ শতাংশ আশাবাদী।” সাংবাদিকদের কাছে পবিত্রের দাবি এখন শুধু ভোটের ব্যবধান কত হবে, সেটাই দেখার।একই সাথে শুভেন্দু যে হেভিওয়েট নেতা, তা মানতে নারাজ পবিত্রবাবু বললেন, ”হেভিওয়েট তো আপনাদের মতে। জনগণ যাঁর সঙ্গে তাঁর ওয়েটই বেশি। এখানে উনি কিছুই নন।”

অন্যদিকে মহিষাদল বিধানসভার প্রার্থী তিলক কুমার চক্রবর্তীও মহিষাদল রাজবাড়ির প্রাচীন গোপাল জিউর মন্দিরে পুজো দেন। এরপর রাজবাড়ী চত্বরে অবস্থিত পীরবাবার দরগায় চাদর চড়িয়ে মনোনয়নের উদ্দেশ্যে রওনা হন।

হলদিয়ার প্রার্থী তাপসী মণ্ডলও কর্মী সমর্থকদের নিয়ে এদিন মনোনয়নের জন্য বিভিন্ন ধর্মীয় স্থানে ঘুরে বেড়ান। বেলা এগারোটা নাগাদ হলদিয়ার সিপেট কলেজ ময়দান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে তিন প্রার্থী রওনা দেন মনোনয়নের উদ্দেশ্যে।

Related News

Also Read