Select Language

[gtranslate]
২৯শে পৌষ, ১৪৩২ মঙ্গলবার ( ১৩ই জানুয়ারি, ২০২৬ )

কাঁথিতে অনুষ্ঠিত হল মেগা ক্যারিয়ার অ্যান্ড এডুকেশন ফেয়ার

মেদিনীপুর সমন্বয় সংস্থার কাঁথি–এগরা আঞ্চলিক ইউনিটের উদ্যোগে কাঁথি পাবলিক স্কুলের সিলভার জুবিলি অডিটোরিয়ামে শনিবার সারাদিন ধরে অনুষ্ঠিত হলো মেগা ক্যারিয়ার অ্যান্ড এডুকেশন ফেয়ার।

এই ফেয়ারে পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যের মোট ২৮টি বিশ্ববিদ্যালয় ও কলেজ অংশগ্রহণ করে। তারা নিজেদের প্রতিষ্ঠানের বিভিন্ন পাঠক্রম ও উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে ৪১টি স্কুল থেকে আগত ৬৫০ জনেরও বেশি ছাত্রছাত্রীদের নানা জিজ্ঞাসার উত্তর দিয়ে ভবিষ্যতে উচ্চশিক্ষার পথ অন্বেষণে সহায়তা করেন।

অনুষ্ঠানটির সূচনা হয় সকাল ১০টায় স্বামী বিবেকানন্দের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন ও শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন মেদিনীপুর সমন্বয় সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক হৃষীকেশ পড়্যা ও সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামাপদ জানা, কাঁথি–এগরা আঞ্চলিক ইউনিটের সভাপতি হৃষীকেশ দাস, কার্যকরী সভাপতি সমরেন্দ্রনাথ দাস, সম্পাদক বরুণ কুমার জানা প্রমুখ।

‘বন্দেমাতরম’ সংগীত রচনার ১৫০তম বর্ষ স্মরণে উদ্বোধনী সংগীত হিসেবে বন্দেমাতরম সংগীতটি পরিবেশন করেন অধ্যাপিকা ড. তিথি সামন্ত।

 

দুপুরে ক্যারিয়ারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞ বক্তা দেবলীনা লাহিড়ী। এরপর ছাত্রছাত্রীদের সম্ভাব্য বিভিন্ন প্রশ্নকে কেন্দ্র করে এক প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যক্ষ সমরেন্দ্রনাথ দাস, অধ্যক্ষ দীপক কুমার তামিলী, অধ্যাপক ড. পীযূষ কান্তি ত্রিপাঠী, অধ্যাপক ড. পীযূষ কুমার সামন্ত, বিশেষজ্ঞ দেবলীনা লাহিড়ী ও প্রধানশিক্ষক কনক কান্তি কর।

 

এদিনের অন্যতম আকর্ষণ ছিল ফিডব্যাক ফর্ম জমা দেওয়া ও সর্বাধিক সংখ্যক স্টল ভিজিট করে সংগৃহীত গোল্ড কার্ডের ভিত্তিতে লটারির মাধ্যমে ১০টি পুরস্কার প্রদান।

 

বিকাল ৪টা পর্যন্ত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি পরিচালিত হওয়ায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান সন্তোষ প্রকাশ করেন।

 

মেদিনীপুর সমন্বয় সংস্থার সকল সদস্য-সদস্যা, কাঁথি পাবলিক স্কুল ও রয়েল আই টি আই-এর সকল শিক্ষক-শিক্ষিকা এবং কর্মীবৃন্দের নিরলস প্রচেষ্টায় এবং অংশগ্রহণকারী স্কুল গুলির সহযোগিতার জন্য এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় সংস্থার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানানো হয়।

Related News

Also Read