“শিখতে চাই—স্বীকৃতি চাই”—এই মূল দাবিকে সামনে রেখে দেশপ্রাণ ব্লক রুরাল হেলথ এসোসিয়েশনের নবম বার্ষিক ব্লক সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ২ দেশপ্রাণ ব্লকের বসন্তিয়া বাজারের এক বেসরকারি সভাগৃহে আয়োজিত এই সম্মেলনে গ্রামীণ চিকিৎসকদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এই সম্মেলনে সংগঠনের শতাধিক সদস্য ও কর্মী অংশগ্রহণ করেন। গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত চিকিৎসকদের দীর্ঘদিনের দাবি, তাঁদের কাজের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা দেওয়া হোক। সম্মেলনের মঞ্চ থেকেই সেই দাবি আরও জোরালোভাবে তুলে ধরা হয়।
সংগঠনের ব্লক সম্পাদক গোবিন্দ প্রসাদ কান্ডার বলেন,
“আমরা দীর্ঘদিন ধরে গ্রামীণ মানুষের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত। অথচ আজও আমাদের উপযুক্ত স্বীকৃতি নেই। আমরা চিকিৎসা ব্যবস্থার অঙ্গ, তাই চাই মর্যাদা ও স্বীকৃতি। সরকারের কাছে আবেদন—আমাদের মানবিক দৃষ্টিতে দেখা হোক।”
সম্মেলনের পাশাপাশি এদিন সংগঠনের পক্ষ থেকে এলাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের কৃতি ও স্থানাধিকারী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পড়ুয়াদের সম্মান জানিয়ে শিক্ষার প্রতি উৎসাহ বাড়ানোর বার্তাও দেওয়া হয় এই মঞ্চ থেকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তরুণ কুমার জানা। তিনি বলেন,
“সংগঠনের সমস্ত দাবিদাওয়া লিখিত আকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তুলে ধরা হবে। রাজ্য সরকার ও মানবিক মুখ্যমন্ত্রী সবসময় আপনাদের পাশে আছেন।”
এদিনের সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বসন্তিয়া গ্রামীণ হাসপাতালের কর্মী দেবিকা বর্মন, দুবদা উত্তর হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীনেশ দাস, পূর্ব মেদিনীপুর রুরাল হেলথ এসোসিয়েশনের সভাপতি মহেশ্বর পাত্র, কোষাধ্যক্ষ স্বপন কুমার ঘোড়াই, সংগঠনের ব্লক সভাপতি বালকৃষ্ণ মন্ডল, স্বপন কুমার জানা- সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি ও সংগঠনের নেতৃত্ব।
সার্বিকভাবে, গ্রামীণ চিকিৎসকদের স্বীকৃতি ও অধিকার আদায়ের দাবিতে এই সম্মেলন নতুন করে গতি ও বার্তা দিল বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।





