জ়ুরিখে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে ডায়মন্ড লিগ খেতাব জিতলেন ভারতীয় তারকা নীরজ চোপড়া ।গত বছর অলিম্পিকে জ্যাভলিনে সোনা জিতে নজির গড়েছিলেন নীরজ, এবার ডায়মন্ড লিগে প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতে নজির সৃষ্টি করলেন।
মাঝে চোট আঘাতে ভুগছিলেন। কমনওয়েলথ গেমসে নামতেও পারেননি তিনি। চোট সারিয়ে প্রত্যাবর্তনটা দারুণ হল নীরজের।
বৃহস্পতিবার ফাইনালে প্রথম প্রয়াসে তাঁর থ্রো ফাউল হয়। তবে দ্বিতীয় প্রয়াসেই ৮৮.৪৪ মিটার জ্যাভলিন ছুড়ে বাকি প্রতিযোগীদের পিছনে ফেলে দেন তিনি। যা তাঁর খেলোয়াড় জীবনের চতুর্থ সেরা থ্রো। বাকি চারটি প্রয়াসে নীরজ ছোড়েন যথাক্রমে ৮৮.০০, ৮৬.১১, ৮৭.০০ এবং ৮৩.৬০ মিটার।
এ মরসুমে আট বার ৮৮ মিটারের বেশি জ্যাভলিন ছুড়েছেন নীরজ। এতেই স্পষ্ট তাঁর ধারাবাহিকতা। পাশাপাশি ৮৯.৯৪ মিটার ছুড়ে জাতীয় রেকর্ডও তিনি গড়েছেন এই মরসুমেই। সেই ছন্দ ধরে রেখেই জ়ুরিখে সবাইকে ছাপিয়ে গেলেন তিনি। অর্জন করলেন এমন একটি খেতাব যাকে অলিম্পিক্স এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপের পরে সবচেয়ে উঁচু মানেরপ্রতিযোগিতা ধরা হয়।






