পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচায় নিখোঁজ বিজেপি সমর্থক এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে খানিকটা দূরে একটি পান বরোজ থেকে দিনবন্ধু মিদ্যার (১৮) ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।তাঁর বাড়ি বাকচার গোড়ামহল গ্রামে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। যুবককে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে মৃতের পরিবারের দাবী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিনভর এলাকাতেই ছিল দিনবন্ধু। তবে সন্ধ্যের কিছু পর থেকে বাড়ি থেকে সে বেরিয়ে যায়। সে সময় তাঁর পরনে ছিল ঘরোয়া ধুতি। সঙ্গে মোবাইলও ছিল। তবে রাত্রি বেড়ে যাওয়ার পরেও ছেলেটির সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয় তাঁর পরিবারের সদস্যরা। এরপরেই তাঁর খোঁজ শুরু হয় এলাকায়। রাত্রি প্রায় ১১টা নাগাদ বাড়ি থেকে সামান্য দূরের একটি পান বরোজের ভেতরে দিনবন্ধুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
দিনবন্ধুর মা হেনারানী মিদ্যা জানান, ছেলেটি সন্ধ্যে ৭টার পর স্নান সেরে বাড়ি থেকে বেরিয়েছিল। রাত্রি ৯টা নাগাদ ফোন করে জানায় বাড়িতে এসে ভাত খাবে। তার কিছু সময় পর থেকেই আর ফোনে যোগাযোগ করা যায়নি। অনেক খোঁজাখুঁজির পর আমরা থানায় গিয়ে নিখোঁজ হওয়ার অভিযোগ জানাই। এরপরেই রাত্রি বেলায় কিছু দূরের পান বরোজের ভেতর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সম্পাদিকা তাপসী মন্ডল। তাপসী জানান,মৃত দিনবন্ধুর পরিবারের বাবা, কাকারা সকলেই বিজেপির স্থানীয় কর্মী হিসেবে পরিচিত।
পুলিশ জানিয়েছে শুক্রবার তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সেই সঙ্গে মৃতের পরিবারের তরফে কোনও অভিযোগ এলে তাও তদন্ত করে দেখা হবে বলে পুলিশ জানিয়েছে।






