কয়লার দাম কমার পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ এর দাম অন্ততঃ ৫০ শতাংশ কমানো,অন্যান্য কয়েকটি রাজ্যের মত এ রাজ্যে কৃষিতে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ, বন্ধ ও খারাপ মিটার অবিলম্বে পরিবর্তন, নতুন কানেকশন দেওয়ার ক্ষেত্রে নিয়ম সরলীকরণ প্রভৃতি দাবীতে এবং জনস্বার্থবিরোধী বিদ্যুৎ আইন-২০০৩(সংশোধনী বিল-২০২২)’র বিরুদ্ধে,জোরপূর্বক স্মার্ট প্রিপেড মিটার চালুর প্রতিবাদে বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন (অ্যাবেকা)’র মারিশদা কাস্টমার কেয়ার সেন্টার কমিটির উদ্যোগে আজ গ্রাহকদের দ্বিতীয় সম্মেলন হয়।
ওই সেন্টারের স্টেশন ম্যানেজার অফিসে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন দেওয়া হয়। শতাধিক বিদ্যুৎ গ্রাহক সম্মেলন ও ডেপুটেশনে যোগ দেন।
সম্মেলনে বক্তব্য রাখেন ও ডেপুটেশনে নেতৃত্ব দেন সংগঠনের কাস্টমার কেয়ার সেন্টার কমিটির সম্পাদক পঞ্চানন দাস,সভাপতি শ্যামা পদ আদক ও অ্যাসোসিয়েশনের পূর্ব মেদিনীপুর জেলা অফিস সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, জেলা নেতা সনাতন গিরি প্রমুখ। স্টেশন ম্যানেজার স্মারকলিপি গ্রহণ করে স্হানীয় দাবীগুলি পূরনের আশ্বাস দেন।
সম্মেলনে বিদ্যুৎ আইন-২০০৩(সংশোধনী বিল-২০২২) সম্পর্কিত বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়। নারায়নবাবু তার বক্তব্যে জনস্বার্থবিরোধী এই বিলের বিরুদ্ধে সর্বস্তরের গ্রাহকদের এগিয়ে আসা সহ ৮-৯ এপ্রিল, মধ্যপ্রদেশের ভুপালে দেশব্যাপী ঐক্যবদ্ধ আন্দোলনকে শক্তিশালী করার লক্ষ্যে বিদ্যুৎ গ্রাহকদের প্রথম সর্বভারতীয় সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানান।

সম্মেলনে শ্যামা পদ জানাকে সভাপতি পঞ্চানন দাসকে সম্পাদক করে ৩৩ জনের একটি শক্তিশালী কমিটি গঠিত হয়।






