পূর্ব মেদিনীপুরের দেপালে জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হলো দেপাল ডি এফ সি কাপের ফাইনাল ম্যাচ। তবে এই ফুটবল টুর্নামেন্ট শুধুমাত্র গোল আর জয়ের উল্লাসেই সীমাবদ্ধ থাকল না। পুরস্কার বিতরণী মঞ্চ থেকে ছড়িয়ে দেওয়া হলো এক বিশেষ ‘সবুজ বার্তা’।
খেলাধুলার মঞ্চে পরিবেশ সচেতনতা বার্তা দেওয়া হল। এদিনের পুরস্কার বিতরণী পর্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব ড. সত্য সুন্দর সামন্ত। বর্তমান সময়ে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। তিনি স্পষ্ট জানান, সুস্থভাবে বেঁচে থাকার জন্য সবুজায়নের কোনো বিকল্প নেই। ট্রফির সাথে চারা গাছ হিসেবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল চারা গাছ বিতরণ। ড. সামন্ত নিজে খেলোয়াড় এবং উপস্থিত দর্শকদের হাতে চারা গাছ তুলে দেন।

পরিবেশ রক্ষার দাবিতে সরব হয়ে তিনি বলেন”আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হলে গাছ লাগানো অত্যন্ত জরুরি। মাঠের লড়াই যেমন শরীরকে সুস্থ রাখে, তেমনি গাছ আমাদের ফুসফুসকে সতেজ রাখে।” ড. সত্য সুন্দর সামন্তের আবেদন স্থানীয় বাসিন্দাদের এবং ক্রীড়াপ্রেমীদের উদ্দেশ্যে অনুরোধ করেন যেন প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগান এবং তার পরিচর্যা করেন। খেলার মাঠ থেকে দেওয়া এই সামাজিক বার্তা উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে।
আয়োজক কমিটির পক্ষ থেকেও জানানো হয়েছে যে, আগামী দিনেও তারা খেলাধুলার পাশাপাশি এই ধরনের সামাজিক কাজে যুক্ত থাকবেন।সবুজ পৃথিবী গড়তে এই মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।





