পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর–২ নম্বর ব্লকের অন্তর্গত পঁচেট গ্রাম পঞ্চায়েত এলাকায় পঁচেট আরিয়ান ক্লাবের উদ্যোগে খুঁটি পুজোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল এবছরের সরস্বতী পুজোর প্রস্তুতি।
ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হওয়া এই খুঁটি পুজোর মাধ্যমেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

ক্লাব সূত্রে জানা গেছে, এই সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে পঁচটেগড় রাজবাড়ীর ঐতিহাসিক মাঠে। এবছর পুজো মণ্ডপের থিম রাখা হয়েছে ‘পেতলের গর্ভগৃহ’। হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পেতল শিল্পকে সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই এই ভাবনা নেওয়া হয়েছে বলে জানান ক্লাবের সদস্যরা।
এই মন্ডপে এলে সাধারণ মানুষ দেখতে পাবেন পেতলের তৈরী নানা মূর্তি ও পেতলের শিল্পকলা।
পুজোর ক’দিন ধরে থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকচে লোকসংস্কৃতি, বাউল গানের অনুষ্ঠান, সাংস্কৃতিক সন্ধ্যা, পাশাপাশি দর্শকদের আকর্ষণ করতে আয়োজন করা হয়েছে যাত্রা অনুষ্ঠান ।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এবছরের সরস্বতী পুজোর মোট বাজেট ধরা হয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকা। ক্লাব সদস্য, এলাকার সাধারণ মানুষ ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় এই পুজো সাফল্যের সঙ্গে সম্পন্ন হবে বলে আশাবাদী উদ্যোক্তারা।
এদিনের খুঁটি পুজোয় ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভৃগুরাম পাত্র, নির্মল দলাই, অমৃত সিট, পুলিন সিট, রাজীব জানা, সুকমল পট্টনায়েক, সোমনাথ দাস, দেবরঞ্জন দলাই, প্রদীপ মাইতি, দেবু গিরি, সান্টু দাস, বুবুন মান্না, নাচু জানা, সৈকত মাইতি প্রমুখ।





