খেজুরীর সাংবাদিকদের সংগঠনের পক্ষ থেকে রবিবার সকালে খেজুরীর অশিতীপর প্রবীণ সাংবাদিক অরবিন্দ বেরাকে খেজুরীর প্রথম ইতিহাসকার, সাহিত্যিক, সম্পাদক, সংবাদিক মহেন্দ্রনাথ করণ (১৮৮৬-১৯২৮) স্মারক সম্মান দিয়ে সংবর্ধিত করা হয়।

এদিন অরিবন্দ বেরা বাবুর খেজুরীর দেউলপোতা গ্ৰামের বাড়িতে উপস্থিত হয়ে তাঁর হাতে স্মারক সম্মাননা হিসেবে উত্তরীয়, পুষ্পস্তবক, মানপত্র ও মিষ্টান্ন তুলে দেন সংগঠনের সভাপতি সুমন নারায়ন বাকরা ও সম্পাদক সুদর্শন সেন। প্রসঙ্গত, অরবিন্দ বেরা বাবুর জন্ম ১৯৪০ খ্রীষ্টাব্দের ২১ জানুয়ারি। উচ্চশিক্ষা লাভের পর তিনি প্রায় চার দশক খেজুরীর কামারদা উচ্চ বিদ্যালয় ও পটাশপুর থানার বলভদ্রপুর উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। সেইসঙ্গে চারদশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতা করেছেন অবিভক্ত মেদিনীপুর জেলাসহ রাজ্যের নানান পত্র-পত্রিকায়।
এরমধ্যে অবিভক্ত মেদিনীপুর জেলার প্রথম দৈনিক ‘ বেলাভূমি ‘ পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। পরবর্তীকালে এই পত্রিকাটি ‘ তীরভূমি ‘ নাম নিয়ে এখনও নিরবিচ্ছিন্নভাবে চারদশকেরও বেশি সময় ধরে প্রকাশিত হয়ে চলেছে। সুলেখক অরবিন্দ বাবু একসময় যেমন পাঠ্যপুস্তক রচনা করেছেন তেমনি নানান পত্র-পত্রিকার পাতায় এখনও নিয়মিত খেজুরীর ইতিহাসসহ নানান বিষয় নিয়ে মননশীল প্রবন্ধ লিখে চলেছেন।






