রাজ্যের প্রাক্তন মন্ত্রী চ্যাটার্জীর ঘনিষ্ট পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার বাসিন্দা অতনু গুছাইত।তাঁর বিরুদ্ধে শিক্ষকের চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে।সেই অভিযোগের নিষ্পত্তি হতে না হতে এবার বাড়ি বিক্রির নামে আর্থিক প্রতারণার দায়ে অতনুর স্ত্রী মানসি গুছাইতকে গ্রেপ্তার করল তমলুক থানার পুলিশ । এলাকাবাসীর দাবী ধৃত মানসীও তার প্রতারক স্বামী অতনু গুছাইতের মত পার্থ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ।

মঙ্গলবার পাঁশকুড়া তেরো নম্বর ওয়ার্ডের রানিহাটি হাইস্কুল থেকে মানসি গুছাইতকে গ্রেপ্তার করে তমলুক থানার পুলিশ । মানসি ওই স্কুলে ইতিহাসের শিক্ষিকা। গত ২০১৮ সালে রানিহাটের এই স্কুলে শিক্ষিকা হিসাবে যোগ দিয়েছিল মানসি ।
পুলিশ সূত্রে খবর কোলাঘাটের তাদের নিজস্ব বাড়ি বিক্রির নামে শহীদ মাতঙ্গিনী ব্লকের বাপুর গ্রামের এক ব্যক্তির কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছিলেন অতনু গুছাইত এবং তাঁর স্ত্রী মানসী গুছাইত । তারপরেও বাড়িটি ওই ব্যক্তিকে রেজিস্ট্রি করে দেননি ।টাকাও ফেরৎ দেয়নি । বারবার ঘুরেও কোন কাজ না হওয়ায় বাড়ি বিক্রির নামে আর্থিক প্রতারণার দায়ে তমলুক থানায় একটি মামলা দায়ের হয় অতনু গুছাইত এবং তাঁর স্ত্রী মানসি গুছাইতের নামে ।

বর্তমানে অতনু গুছাইত পলাতক , মঙ্গলবার পাঁশকুড়া রানিহাটি হাইস্কুলে শিক্ষকতার জন্য পৌঁছান অতনুর স্ত্রী মানসি গুছাইত সেখানেই তমলুক থানার পুলিশ তাকে গ্রেফতার করে । আজ তাঁকে তমলুক কোর্টে তোলা হয় । তবে এ বিষয়ে কিছুই বলতে নারাজ অভিযুক্ত মানসী গুছাইত ।
একজন স্কুলশিক্ষিকার এহেন আর্থিক প্রতারণা নিয়ে , একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে পাঁশকুড়া রানীহাটি এলাকা জুড়ে ।






