প্রদীপ কুমার মাইতি:-বৃহস্পতিবার উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের বিদ্যাসাগর শিল্পতালুকে কারিগরি শিক্ষা বিভাগের প্রশিক্ষণ প্রাপ্ত যোগ্য যুবক-যুবতীদের হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
খড়গপুর বিদ্যাসাগর শিল্প তালুকের মঞ্চ থেকে কয়েক হাজার যুবক যুবতীকে বিভিন্ন বেসরকারি সংস্থায় চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও কৃষি ক্ষেত্রে, কারিগরি ক্ষেত্রে বিভিন্ন কৃষি সহায়ক সামগ্রী ও কারিগরি সহায়ক সামগ্রী কেনার জন্য সহায়তার মূল্যায়ন পত্র তুলে দেওয়া হয় বেশ কিছু কৃষকের হাতে।
এরপর মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা শিল্প সংস্থা ও চাকুরী প্রাপকদের মিলিয়ে দিচ্ছি, এই প্রোগ্রামটার নাম উৎকর্ষ বাংলা। বাংলায় আমাদের সরকার আসার পর প্রায় চারশোর মত পলিটেকনিক ও আইটিআই তৈরি করা হয়েছে এবং অনেক শিল্প সংস্থা ও আইটিআই গুলোর দায়িত্ব নিয়েছেন।
তিনি আরও বলেন, সরকারি চাকরির বাইরেও এমন অনেক কিছু আছে যেগুলো দিয়ে কারিগরি শিক্ষার দ্বারা নতুন নতুন কিছু তৈরী করে ব্যবসা করতে পারেন। মূখ্যমন্ত্রী বলেন আমাদের সময়কালে ২ লক্ষ ৬৩ হাজার শিক্ষক, শিক্ষাকর্মী নেওয়া হয়েছে, আরও ৮৯ হাজার নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে ১০ হাজার অধ্যাপক নেওয়া হয়েছে। আজকে এখান থেকে টাটা মেটালিক শিল্পক্ষেত্রে আরও ৬০০ কোটি টাকা বিনিয়োগ করল, তার মানে এই শিল্পক্ষেত্রে প্রায় ৫০০ থেকে ১০০০ হাজার ছেলে মেয়ের চাকরি হবে।
পুজোর আগে সমস্ত জেলাগুলো মিলিয়ে প্রায় ৩০ হাজার যুবক যুবতীকে চাকরির নিয়োগপত্র দেওয়া হবে। তিনি বলেন, দেউচা পাঁচমিতে পৃথিবীর তৃতীয় বৃহত্তম কয়লা শিল্প তৈরী হচ্ছে, কাজ শুরু হয়ে গেছে, যেখানে এক লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে।
জঙ্গল মহল সুন্দরী, ২৫ একর জমিতে ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগে শিল্প স্থাপন হবে, যেখানে কয়েক লক্ষ ছেলেমেয়ে চাকরি পাবে। আগামী দিনে প্রচুর কর্মসংস্থানের সুযোগ আসছে বলেও জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।






