Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

।। পাঁচ বছরে শিশির অধিকারীর স্থাবর সম্পত্তি বৃদ্ধি ৬২১৩ শতাংশ ?।।

করোনা মহামারির জেরে সারা দেশ সহ রাজ্যের লক্ষ লক্ষ মানুষের দিন আনতে পান্তা ফুরানোর জোগাড়।আর সেই সময়ে কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ শিশির অধিকারীর স্থাবর সম্পত্তি বেড়েছে ৬২১৩ শতাংশ! শুনতে অবাক লাগলেও সংবাদ সংস্থায় প্রকাশিত খবর সত্যি হলে অর্থ উপার্জনে রীতি মত ভেল্কি দেখিয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বাবা ।

গত ৮ আগস্ট রাজ্যের শাসক শিবিরের বর্তমান ও প্রাক্তন মন্ত্রী এবং বিধায়ক মিলিয়ে ১৯ জনের সম্পত্তি বৃদ্ধি নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় আর্থিক বেনিয়ম সংক্রান্ত কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-কে যুক্ত করার নির্দেশ দিয়েছিল হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

সংবাদ সংস্থার দাবি অনুযায়ী সেই সম্পত্তি বৃদ্ধি মামলায় এবার হাই কোর্টের নজরে আসতে চলেছে কাঁথির তৃনমূল সাংসদ শিশির অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তমলুকের তৃনমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী-সহ ২০ জন নেতা-নেত্রীর নাম।উল্লেখ্য গত ২০২০ সালের ১৯ ডিসেম্বর শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর থেকে তৃনমূলের থেকে প্রায় বিচ্ছিন্ন শিশির অধিকারী-দিব্যেন্দু অধিকারী। সুত্রের দাবি চলতি সপ্তাহেই তাঁদের নাম ও সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত নথি জমা পড়েছে আদালতে। অধিকারীরা ছাড়াও তালিকায় রয়েছে দিলীপ ঘোষ, মহম্মদ সেলিম, অধীর চৌধুরি, আবদুল মান্নান, সুজন চক্রবর্তী, লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ, মনোজ কুমার ওরাওঁ, নিশীথ প্রামাণিক,মিহির গোস্বামী, অগ্নিমিত্রা পাল, শমীক ভট্টাচার্য, তন্ময় ভট্টাচার্য, শীলভদ্র দত্ত, রাহুল সিনহা, অনুপম হাজরা এবং জিতেন্দ্রকুমার তেওয়ারির নাম। সম্প্রতি এই কুড়ি জনের নামের ও সম্পত্তির হিসাবের চার পাতার একটি তালিকা জমা পড়েছে আদালতে। 

সংবাদ সংস্থার দাবি সত্যি হলে ২০২১ সাল পর্যন্ত নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর স্থাবর ও অস্থাবর সম্পত্তি বেড়েছে যথাক্রমে ৮৬৭ শতাংশ ও ১২৮ শতাংশ।তাঁর ভাই তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর স্থাবর ও অস্থাবর সম্পত্তি বেড়েছে যথাক্রমে ৬৪৫ শতাংশ ও ৫৮ শতাংশ। 

আর দুই ছেলেকে ছাপিয়ে প্রবীন সাংসদ শিশির অধিকারীর সম্পত্তি বৃদ্ধি হয়েছে স্থাবর ও অস্থাবর সম্পত্তি দুই ক্ষেত্রে যথাক্রমে ৬২১৩ শতাংশ ও ৩৫৬৮ শতাংশ। তাঁর স্ত্রীর গায়ত্রী অধিকারীর সম্পত্তির পরিমাণ বেড়েছে ১৭৩৮ শতাংশ ও ৩০০ শতাংশ। 

Related News

Also Read