পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এলাকায় বুধবার বিকেলে বিজেপির পক্ষ থেকে নবনির্বাচিত বিধায়ক তপন মাইতি-কে সংবর্ধনা জানানো হয়। পটাশপুরের সিংদা মোড়ে বিশেষ স্ট্রিট কর্নার কর্মসূচির মাধ্যমে বিধায়ককে ফুলের তোড়া ও শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা।
এদিন বিকেলে অমর্ষি বাজার থেকে সিংদা মোড় পর্যন্ত কয়েক হাজার বিজেপি কর্মী-সমর্থককে নিয়ে এক বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেওয়া কর্মীদের মুখে বারবার ধ্বনিত হয় “জয় শ্রী রাম” স্লোগান। গোটা এলাকা গেরুয়া পতাকা ও উচ্ছ্বাসে কার্যত উৎসবের চেহারা নেয়। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে বহু সাধারণ মানুষও এই মিছিল প্রত্যক্ষ করেন।
মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক নেতৃত্ব ও স্থানীয় কর্মীরা। বিধায়ক তপন মাইতিকে ঘিরে কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ফুলের মালা, গেরুয়া আবির এবং স্লোগানে এক অন্যরকম রাজনৈতিক আবহ তৈরি হয় গোটা পটাশপুর জুড়ে।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক তপন মাইতি বলেন, “পটাশপুরের উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। এলাকার মানুষের অভাব-অভিযোগের কথা মাথায় রেখেই আগামীদিনে উন্নয়নের দিশা নিয়ে আমরা এগিয়ে চলব। সাধারণ মানুষের পাশে থেকে কাজ করাই আমাদের অঙ্গীকার।”
তিনি আরও জানান, রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিষেবার উন্নয়নে আগামী দিনে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। এলাকার সামগ্রিক উন্নয়ন এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানকে অগ্রাধিকার দিয়েই কাজ করবে নতুন নেতৃত্ব।





