জমি সংক্রান্ত বিবাদের জেরে এক তৃনমূল কর্মীকে মারধরে করার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত পদ্ম নেতা অশোক করণের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।মারধরের সেই ঘটনার ভিডিও সোস্যাল মিডিয়া জুড়ে ভাইরাল। আর এর জেরেই তৃনমূল অভিযোগ করেছে বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রাম জুড়ে আতংকের পরিবেশ তৈরী করার চেষ্ঠা করছে বিজেপি
জানা গেছে, শুভেন্দু ঘনিষ্ঠ অশোক করন বর্তমানে বিজেপির জেলা কমিটির সদস্য। শুক্রবার তার একটি মারধরের ভিডিও সমাজ মাধ্যমে প্রকাশ্যে আনেন নন্দীগ্রামের তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গ। যেখানে দেখা যাচ্ছে অশোকবাবু আচমকা এক ব্যক্তির ওপর এসে চড়াও হন। কোনো কথা শোনার আগেই ওই ব্যক্তির গালে একের পর এক চড় ও ঘুঁষি মারতে থাকেন অশোক। এরপর অশোকের এক নিরাপত্তারক্ষী ওই ব্যক্তির পেছনে লাথিও পর্যন্ত মারে। ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় এই এলাকায়। এই ঘটনার ভিডিও ইতিমধ্যে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। তৃণমূলের তরফ থেকে বিজেপি নেতার এহেন গুন্ডামির বিরুদ্ধে তীব্র ধিক্কারও জানানো হয়েছে।
বিমলবাবুর দাবি,আমাকে এসে মারধরের পাশাপাশি কেন বাড়ি তৈরি করছি এবং কাকে বলে বাড়ি করছি তার কৈফিয়ত চান উনি। এছাড়াও মিস্ত্রি আসার আগে ওনাকে জানাতে হবে বলে সাসিয়ে যান। আমি এখন আতঙ্কে রয়েছি।
এই ঘটনার পর অশোক করন বলেন,তৃণমূল রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে নন্দীগ্রামে। তাই এভাবে চক্রান্ত করে আমাকে ফাঁসানো হচ্ছে।
এলাকা সূত্রে খবর, নন্দীগ্রামের গোকুলনগরের বৃন্দাবনচক এলাকার বাসিন্দা বিমল মাইতির সঙ্গে ওই এলাকার জয়ন্ত ভট্টাচার্য ও নিরন্ত ভট্টাচার্য নামের দুই ব্যক্তির সাথে জমি সংক্রান্ত বিবাদ দীর্ঘদিনের। আগে এই জমি বিবাদ নিয়ে বেশ কয়েকবার সালিশি সভাও বসেছে। এমন পরিস্থিতিতে সালিশি সভার মাতব্বরদের নির্দেশ না মেনেই বিমল ওই জমির উপর বাড়ি তৈরি করছিল বলে অভিযোগ। আর তাতেই গত বৃহস্পতিবার বিজেপি নেতা অশোক করন বিমলের ওপর চড়াও হন।
নন্দীগ্রাম ব্লক তৃণমূলের কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গ বলেন,আমরা এই ঘটনার তীব্র ধিক্কার জানাই। বিজেপি নেতা নিজেকে সর্বেসর্বা মনে করেছেন। ওই ব্যক্তি চাইলে আমরা উনাকে আইনি সহায়তা দেব।
গোটা ঘটনায় আক্রান্ত ব্যাক্তি বিমল মাইতি শুক্রবার অশোক করনসহ বেশ কয়েকজনের নামে থানায় অভিযোগ দায়ের করেন।





