একেবারে ‘কাঁটা দিয়ে কাঁটা’ তোলার পথে হাঁটল রাজ্যের শাসক দল তৃনমূল। নন্দীগ্রামের মতো রাজ্যের হাইভোল্টেজ কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে লড়বে এই কেন্দ্রের বিধায়ক বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর একদা ঘনিষ্ঠ পবিত্র কর। মঙ্গলবার সকালেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দলে যোগদান করেছিলেন তিনি। আর বিকেলে দেখা গেল, নন্দীগ্রামের প্রার্থী হিসেবে তাঁর নামই ঘোষণা করলেন অভিষেক।
নন্দীগ্রাম ২ ব্লকের বয়াল ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান পবিত্র করের স্ত্রী। ২০২০ সালের নভেম্বরে তৃণমূল ছেড়ে সদলবলে বিজেপিতে যোগ দেন নন্দীগ্রামের বয়াল-১ গ্রাম পঞ্চায়েতের তৎকালীন প্রধান পবিত্র। কলকাতায় রাজ্য বিজেপির তৎকালীন সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে পদ্মের পতাকা হাতে তুলে নিয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন ওই পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ভুঁইয়া। সে বছরেরই ১৯ ডিসেম্বর মেদিনীপুরে বিজেপির জনসভায় অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দেন শুভেন্দু।
পবিত্র এত দিন বিজেপির পূর্ব মেদিনীপুরের তমলুক জেলা সংগঠনের সহ-সভাপতি ছিলেন। তাঁর স্ত্রী গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়ে বয়াল-২ গ্রাম পঞ্চায়েতে প্রধান হয়েছেন।
একদা ঘনিষ্ঠ পবিত্র করকে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড় করিয়ে তৃনমূলের লাভ হল কিনা সময় বলবে





