রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে বিদ্রোহ শুরু পদ্ম শিবিরে।বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হতেই এবার বিদ্রোহী একুশের বিধানসভার বিজেপির প্রার্থী।
সোমবার রাজ্য বিজেপির তরফ থেকে বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। যেখানে মহিষাদল বিধানসভার বিজেপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় ওই এলাকার ঠিকাদার সুভাষ পাঞ্জার। আর এরপরেই এক প্রকার বিস্ফোরক ওই বিধানসভার ২১ সালের বিজেপির প্রার্থী তথা বিজেপির জেলা নেতা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়।
পার্টির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পদত্যাগ পত্র পাঠান জেলা সভাপতি ও রাজ্য সভাপতির কাছে। বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় ছাড়াও তার সাথে পদত্যাগ করেছেন মহিষাদল মন্ডল- ৫ এর সাধারণ সম্পাদক দীপক কুমার জানা। গত লোকসভা নির্বাচনে মহিষাদল বিধানসভার কনভেনার হন বিশ্বনাথ। তখন এই বিধানসভা থেকে প্রায় ১০ হাজার ভোট লিড পেয়েছিলেন বিজেপির বর্তমান সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপির অন্দরমহল সূত্রে খবর, মহিষাদল বিধানসভা থেকে ২৬ এর নির্বাচনেও বিজেপির প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন বিশ্বনাথ। সেই জায়গায় আচমকা সম্পূর্ণ অরাজনৈতিক মুখ সুভাষ পাঞ্জাকে প্রার্থী করায় এক প্রকার বিস্ফোরক বিশ্বনাথ ব্যানার্জি।
তার দাবি, “যে ভাবনা নিয়ে দলে এসেছিলাম তা আজ ভুল প্রমাণ হল। বিজেপি এখন কেমন কর্পোরেট দলে পরিণত হয়েছে। এখন বিজেপির নাম হওয়া উচিত ভারতীয় জনতা কর্পোরেট পার্টি। আশা করেছিলাম বিরোধী দলনেতা সকলকে সাথে নিয়ে আলোচনা করে প্রার্থী ঠিক করবেন। আমি আর রাজনীতিতে থাকতে চাই না। রাজনীতি থেকে বিদায় নিলাম।”





