পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির জুনপুট কোস্টাল থানার কালামিনাপুট এলাকায় পুকুর থেকে উত্তর ২৪ পরগনার বাসিন্দা এক প্রৌঢ়ার মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। শুক্রবার পুলিশ জানিয়েছে, মৃতার নাম দীপু সেন(৫৯)। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার ঘোলা থানার ১২, সারদা বন্দ্যোপাধ্যায় রোড, ২৮নম্বর ওয়ার্ড এলাকায়।
জানা গিয়েছে, ওই মহিলা তাঁর এক পোষ্যপুত্রকে নিয়ে গ্রামের বাসিন্দা সুকুমার জানার বাড়িতে অনেকদিন ধরে থাকতেন। এখানে কাজ করতেন। দীপুদেবী সুকুমার বাবুর দূর সম্পর্কের আত্মীয় বলে জানা গিয়েছে।
এদিন সকালে ওই প্রৌঢ়াকে বাড়ির কাছে ইটভাটা সংলগ্ন একটি পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে বেলা ১১টা নাগাদ ওই পুকুরে তাঁকে ভাসতে দেখা যায়। ঘটনাটি জানাজানি হওয়ায় বহু মানুষ সেখানে ভিড় জমান।
খবর পেয়ে পুলিশ এলাকায় গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ এলাকার বাসিন্দা ও সুকুমারর বাবুর বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য সংগ্রহ করে। পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে, দাঁড়িয়ে থাকা অবস্থায় পড়ে গিয়ে কিংবা পুকুরে নেমে ওই মহিলা ডুবে যান। পরে তাঁর দেহটি ভেসে ওঠে।
তবে দেহ উদ্ধারের ঘটনায় সন্দেহজনক কিছু পাওয়া যায়নি কিংবা এব্যাপারে কোনও অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ জানিয়েছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।





