গয়ায় পূর্বপুরুষের শ্রাদ্ধ দিতে গিয়ে একই পরিবারের মর্মান্তিকভাবে ৩ জনের মৃত্যু হল। সূত্রের খবর কাঁথি ১ ব্লকের মাজিলাপুর গ্রাম পঞ্চায়েতের দেশদত্তবাড় গ্রামের বাসিন্দা দেবব্রত প্রধান ও তার ভাই সত্যব্রত প্রধান সপরিবার নিজেদের একটি মারুতি গাড়িতে করে গয়ায় শ্রাদ্ধ দিতে গিয়েছিলেন। শ্রাদ্ধ শেষে বাড়ি ফেরার সময় বৃহস্পতিবার ভোর রাতে ঝাড়খন্ড রাজ্যের জামশেদপুরের ইচ্ছাগড় এর কাছে মারুতি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কন্টেনার লরির পেছনে ধাক্কা মারে।
এই ঘটনার জেরে চালক দেবব্রত প্রধানের পুত্র রিন্টু প্রধান (৪১) এর মৃত্যু হয় ঘটনাস্থলে। স্থানীয়রা এবং পুলিশ আশঙ্কাজনক অবস্থায় বাকি ৫ জনকে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করে। আইসিসিইউতে রেখে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় রিন্টুর মা বসুমতি প্রধান(৬০) ও কাকা সত্যব্রত প্রধান(৬৩) এর।
আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে রিন্টুর বাবা দেবব্রত প্রধান (৬৫), কাকিমা উমা প্রধান(৬০) ও কাকার ছেলে মনোজ প্রধান(৩৭) এর। এই খবর এসে দেশদত্তবাড় গ্রামে পৌঁছালে গ্রাম জুড়ে এবং পরিবারে শোকের ছায়া নেমে আসে। পঞ্চায়েত প্রধান প্রদীপ কুমার কুন্ডু জানিয়েছেন ঘটনা মর্মান্তিক এবং দুঃখের। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য রিন্টু জুনপুট কোস্টাল থানার অস্থায়ী গাড়ির চালকের কাজ করতেন। জুনপুট থানার ওসি সমস্ত ধরনের খোঁজখবর নিচ্ছেন। পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজনেরা ঝাড়খন্ড রাজ্যের জামশেদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাদের চিকিৎসার জন্য।





