দীর্ঘ আন্দোলনের জেরে অবশেষে হোসিয়ারী শ্রমিকদের ৩.৫ শতাংশ হারে মজুরীবৃদ্ধি হবে। হোসিয়ারী শিল্পের মেকার মালিকদের সংগঠন বেঙ্গল হোসিয়ারী টেলার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা ১৮ জুন এক নির্দেশে জেলা নেতৃত্ব জানিয়েছেন। গেঞ্জি-জাঙ্গিয়া-ট্রাউজারের সাত রকম ভ্যারাইটির ক্ষেত্রে এই রেটবৃদ্ধি কার্যকর হবে। গত ১লা জুলাই কলকাতা থেকে ওই সমস্ত জিনিসের জন্য মেকার মালিকদের যে কাঁচামাল সরবরাহ করা হয়েছে,সেই জিনিসের ক্ষেত্র থেকে ওই রেটবৃদ্ধি কার্যকর হবে। ওই নিয়মে পূর্ব মেদিনীপুর জেলার হোসিয়ারী শ্রমিকরা তিন দশমিক পাঁচ(৩.৫) শতাংশ হারে বর্ধিত রেট পাবেন।
হোসিয়ারী শ্রমিকদের ওই মজুরীবৃদ্ধি অনুসারে অবিলম্বে রেটবৃদ্ধির দাবীতে আজ বরদাবাড় প্রাইমারী স্কুলে শ্রমিকদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ইউনিয়নের জেলা উপদেষ্টা নারায়ন চন্দ্র নায়ক,জেলা সভাপতি মধুসূদন বেরা,যুগ্ম সম্পাদক নেপাল বাগ,তপন কুমার আদক প্রমুখ। সভায় বকেয়া ওই রেটবৃদ্ধির দাবিতে আগষ্ট মাসে রাজ্য শ্রম দপ্তরে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়।
নারায়ন চন্দ্র নায়ক অভিযোগ করে বলেন, ২০২০ সালের সরকার ঘোষিত ন্যূনতম মজুরী অনুসারে সর্বশেষ রেটবৃদ্ধি হয়েছিল ২০২৩ সালে। তারপর লাগাতর আন্দোলনের চাপে ২০২১ সালের নূন্যতম মজুরী অনুসারে ৩.৫ % রেটবৃদ্ধির কথা ঘোষণা করতে বাধ্য হয়েছেন মালিকপক্ষ। এখনো ২০২২,২০২৩, ২০২৪ সালের নূন্যতম মজুরী অনুসারে রেটবৃদ্ধি বকেয়া রয়েছে। যা কার্যকর হলে দৈনিক মজুরী হিসাবে শ্রমিকেরা ৪১৬ টাকা পাবেন।
ইউনিয়নের জেলা সভাপতি মধুসূদন বেরা বলেন, ২০২০ সালের নূন্যতম মজুরী অনুসারে বর্তমানে হোসিয়ারী শ্রমিকরা দৈনিক ৩৬১ টাকা রেট পাচ্ছেন। ২০২১ সালের ন্যূনতম মজুরী অনুসারে রেটবৃদ্ধি কার্যকর হলে শ্রমিকরা দৈনিক ৩৭৬ টাকা রেট পাবেন। অবিলম্বে জেলার হোসিয়ারী শ্রমিকদের ক্ষেত্রে বর্দ্ধিত রেট কার্যকর করার জন্য মধুসূদনবাবু জেলার মেকার মালিকদের কাছে দাবী জানান।






