ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে বাঁচতে দরকার সচেতনতা। সেকারণেই সোমবার বিকেলে কাঁথি ৩ ব্লকের বনমালীচট্টা হাইস্কুলের এনএসএস ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত হলো ডেঙ্গু সচেতনতা ও স্বচ্ছতা অভিযান। ছাত্রদের পোস্টার ও চিত্র সহযোগে একটি বর্ণাঢ্য র্যালি এলাকা পরিক্রমা করে ও বাড়ি বাড়ি গিয়ে বোঝানো হয় ডেঙ্গু রোগের লক্ষণ, কারণ ও প্রতিরোধ সম্পর্কে। ইউনিটের প্রোগ্ৰাম অফিসার শিক্ষক অজয় গিরি বলেন, “ডেঙ্গু হল এডিস মশা বাহিত একটি ভাইরাল রোগ। তাই এই রোগ প্রতিরোধে মশার হাত থেকে নিজেকে রক্ষা করার কথাই বেশী করে বলা হয়। যেমন শোওয়ার সময় মশারী টাঙানো, মশারোধক ক্রীম ব্যবহার, কোথাও জল জমতে না দেওয়া ইত্যাদি।” পরিশেষে স্কুল চত্বরে স্বচ্ছতা অভিযানে সামিল হয় এই ইউনিটের স্বেচ্ছাসেবক ছাত্ররা।
এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন শিক্ষক দেবব্রত মাইতি, দেবাশীষ মহাপাত্র, নিত্যানন্দ মউন্ডআ, সুমন দাস, মানিক বারুই প্রমুখ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কর সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।







