পূর্ব মেদিনীপুর জেলার এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরী হল।
দিন কয়েক আগে গলায় ঘা, জন্ডিস রোগে আক্রান্ত হয়ে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয় ঋতুরানী মান্না নামের এক গৃহবধূ। সোমবার রাতে ঐ গৃহবধূর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়ে।এরপরেই মৃতার পরিবারের সদস্য এবং কিছু লোক পুরো হাসপাতাল চত্বর ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। তাঁদের দাবী, চিকিৎসার ভুলেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে এগরা থানার পুলিশ। পুলিশের সামনে মৃতার পরিজনেরা মাটিতে শুয়ে কান্নায় ভেঙে পড়ে।
পুলিশ জানিয়েছে, মৃতা ঋতুরানী মান্নার (২২), বাড়ি এগরা থানার বিন্ধা গ্রামে। খোদ সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে একাধিক প্রশ্ন ওঠায় চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই সরকারি হাসপাতালে চিকিৎসকদের উদাসীনতাকেই দায়ী করেছেন।
গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর পর সরকারি হাসপাতালে উর্দ্ধতন কতৃপক্ষের দেখা মেলেনি। ফোনে যোগাযোগ করা হলে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ও অ্যাসিস্ট্যান্ট সুপারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।







