জেলার সমস্ত বিদ্যুৎ অফিসে বিক্ষোভ-ঘেরাও’র ডাক
পঃ বঃ বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের নির্দেশে ২০২৩-২৪ সালের ট্যারিফ অনুযায়ী সম্প্রতি গৃহস্থ-বাণিজ্যিক-কৃষি-ক্ষুদ্র শিল্পের গ্রাহকদের ফিক্সড চার্জ দ্বিগুণ, মিনিমাম চার্জ তিনগুন ও ডিস-কানেকসান/রি কানেকসান চার্জ এক ধাক্কায় ১০০ টাকা থেকে ৫০০ টাকা করা হয়েছে। ফলস্বরূপ সর্বস্তরের গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ওই সিদ্ধান্তের প্রতিবাদে বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন(অ্যাবেকা)’র পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে মেচেদা বিদ্যাসাগর স্মৃতি ভবনের রোকেয়া হলে এক সভায় সামিল হন বিদ্যুৎ গ্রাহকেরা। সভায় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় কমিটির সদস্য অমল মাইতি। সভাপতিত্ব করেন জেলা সভাপতি অধ্যাপক জয়মোহন পাল। উপস্থিত ছিলেন জেলা কমিটির সম্পাদক প্রদীপ দাস, অফিস সম্পাদক নারায়ন চন্দ্র নায়ক প্রমুখ। সভা থেকে জেলার সমস্ত কাস্টমার কেয়ার সেন্টারের স্টেশন ম্যানেজার, ডিভিশনাল ম্যানেজার, রিজিওন্যাল ম্যানেজার অফিসে বিক্ষোভ ঘেরাও’র কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের সর্বভারতীয় নেতৃত্ব অমল মাইতি বলেন, গৃহস্থ গ্রাহকদের মিনিমাম চার্জ পূর্বে ছিল ২৮ টাকা প্রতি কে.ভি.এ.। যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৭৫ টাকা/ কে.ভি.এ.। অনুরূপভাবে ক্ষুদ্র শিল্পের গ্রাহকদের ক্ষেত্রে পূর্বে ছিল ০ টাকা,যা হয়েছে ২০০ টাকা। বানিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রে পূর্বে ছিল ৪০ টাকা, যা বেড়ে দাঁড়িয়েছে ১০৫ টাকা । গ্রাহক স্বার্থ বিরোধী এই নীতির বিরুদ্ধে সর্বস্তরের গ্রাহকদের আন্দোলনে সামিল হওয়ার জন্য আহ্বান জানানো হয়।







