আজ এগরা কংগ্রেস অফিসে, ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী, ভারতরত্ন রাজীব গান্ধীর ৮১তম জন্ম বার্ষিকী পালন করা হয়। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি মানস করমহাপাত্র, এগরা মহকুমা কংগ্রেসের সভাপতি আলপনা পট্টনায়ক, এগরা এক নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি অমিতাভ জানা, কংগ্রেস নেতা কালিপদ সিট, দেবব্রত রায় প্রমূখ।

মানস বাবু বলেন, ভারতরত্ন রাজীব গান্ধী ছিলেন আধুনিক ভারতের স্থপতি, জাতির উন্নয়নের স্বপ্নদ্রষ্টা। তিনি লাইসেন্স প্রথা, শুল্ক ব্যবস্থা ও অর্থনৈতিক কার্যকলাপের জন্য অনুমতি প্রদানের নিয়ম-নীতি ঢেলে সাজান। টেলিযোগাযোগ ও শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ তথা বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারের ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেন। ১৮ বছরের যুবকদের ভোটাধিকার, পঞ্চায়েতি রাজ ও নগর পালিকা বিল এবং মহিলাদের জন্যে পঞ্চায়েতে আসন সংরক্ষন, তাঁরই উল্লেখযোগ্য অবদান।
তিনি পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে সঙ্গে নিয়ে আমাদের জেলার হলদিয়া শিল্প নগরীতে ‘হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড’-এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
১৯৮৪ সালের ৩১ অক্টোবর মায়ের মৃত্যুর দিন মাত্র চল্লিশ বছর বয়সে তিনি দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রীরূপে কার্যভার গ্রহণ করেছিলেন। ওই বছরেই তাঁর নেতৃত্বে কংগ্রেস লোকসভায় ৫৪২টি আসনের ৪১১টিতে জয়লাভ করে। যা ভারতের ইতিহাসে সর্বকালীন রেকর্ড।





