বন্দেমাতরম সঙ্গীতের ১৫০-তম বর্ষ উদযাপন হল বনমালীচট্টা হাইস্কুলে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দেমাতরম সঙ্গীতের ১৫০-তম বর্ষপূর্তি শুক্রবার উৎসবমুখর পরিবেশে উদযাপন করলো কাঁথি ৩ ব্লকের স্বনামধন্য বনমালীচট্টা হাইস্কুল এর ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীবৃন্দ। এই বন্দেমাতরম গান শুধু একটি সঙ্গীত নয়, এটি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের এক অমর মন্ত্র, জাতীয় চেতনার জাগরণের প্রতীক। ১৮৭৫ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেন এই গান, যা প্রথম প্রকাশিত হয় তাঁর বিখ্যাত উপন্যাস আনন্দমঠ-এ। পরবর্তীকালে এটি হয়ে ওঠে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামীদের প্রেরণার উৎস। নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, অরবিন্দ ঘোষ, স্বামী বিবেকানন্দ— সকলেই এই গান থেকে শক্তি ও অনুপ্রেরণা লাভ করেছিলেন।

এই দিনটি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক-শিক্ষার্থী মণ্ডলী। পরবর্তীতে সমবেত কণ্ঠে বন্দেমাতরম গানে মুখরিত হয় গোটা স্কুল চত্বর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডঃ দেবব্রত মাইতি, শিক্ষক অজয় কুমার গিরি, অশোক বর্মন, রাজশেখর মন্ডল প্রমুখ। উপস্থিত ছিলেন সত্যজিৎ মান্ডি, অয়ন কান্তি করন, অনিমেষ মন্ডল, প্রসেনজিৎ প্রধান, শ্রীকৃষ্ণ ভুঁইয়া, সুমন দাস সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, দেশ, মাটি ও মা—এই তিনের প্রতি সম্মান জানানোই এই সঙ্গীতের মূল বার্তা। উপস্থিত শিক্ষকরা ছাত্রদের মধ্যে দেশপ্রেম ও জাতীয় চেতনার মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান।সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন শিক্ষক অজয় কুমার গিরি।





