পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বারিকের সমর্থনে রামনগর বিধানসভাজুড়ে বেশ কয়েকটি কর্মসূচি ছিল বৃহস্পতিবার। এদিন দিনভর রামনগর ২ নম্বর ব্লক জুড়ে প্রচার করেন উত্তম। কখনও মন্দিরে পুজো দিয়েছেন, মোটরবাইক র্যালি করেছে, আবার হেঁটে জনসংযোগ সারছেন তিনি।
পাশাপাশি রামনগরের বিধায়ক তথা রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরি ও কাঁথি পৌরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পীযুষ কান্তি পন্ডাকে সঙ্গে নিয়েই কাদুয়া গ্রাম পঞ্চায়েতের মাইতিহাটে বুথভিত্তিক কর্মীসভাও করেন উত্তম বারিক। সটিলাপুরেও কর্মীসভা হয়েছে। উত্তম বারিক বলছেন, সমস্ত জায়গায় মানুষের ভালো সাড়া পাচ্ছি। তবে ভোট এখনও অনেক বাকি। তাই দলের কর্মীদের পাশাপাশি, নিজেও যাতে অসুস্থ না হয়ে পড়ি, সে জন্য সতর্ক থাকছি। তিনি আরও বলছেন, “সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয়, সে জন্য একটু বেলা বাড়ার পর জনসংযোগ বন্ধ রাখছি। কাঁথি লোকসভা কেন্দ্রে আমরা ২ লক্ষ ভোটে জিতবই।
রাজ্যের মন্ত্রী অখিল গিরি জানিয়েছেন, আমরা বুথভিত্তিক কর্মীসভায় জোর দিয়েছি। বিজেপি মানুষকে সিএএ এবং এনআরসি’র ভয় দেখাচ্ছে। যতই যাই করুক মানুষ তৃণমূলকে সমর্থন করবে।






