সাত সকালে ছাত্রের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এলো। বুধবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ার গান্ধীনগর ২৬ নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলর বিকাশ জানার বাড়ির সামনে গুরুতর জখম অবস্থায় এক ছাত্রকে পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষজন। তাকে উদ্ধার করে হলদিয়ার বি সি রায় হাসপাতালে নিয়ে গেলে এখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকগণ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানা গেছে মৃত ছাত্র হলদিয়ার দেভোগের বাসিন্দা সৌমেন দাস( ১৮)।সে কাঁথির দেশপ্রাণ গভমেন্ট আইটি কলেজের ছাত্র বলে জানা গেছে। এই ঘটনায় ছাত্রের পরিবারের লোকজন খুনের অভিযোগ তুলেছে। স্থানীয়দের মত ছাদের উপর থেকে ফেলে খুন করা হয়েছে। এই ঘটনায় পুলিশ তদন্তে নেমে জানতে পারে প্রাক্তন কাউন্সিলর বিকাশ জানার হলদিয়ার ভবানীপুর থানার গান্ধীনগরেট বাড়িতে রাতে পিকনিক হয়েছিল। তাতে মদ্যপানের আসরও বসেছিল। পুলিশ ঘটনার তদন্তে নেমে সাতজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে মৃত্যুর আসল রহস্য উদ্ধারের জন্য।পিকনিক চলাকালীন মধ্য অবস্থায় ঠেলাঠেলি বা ধস্তাধস্তি এরকম কিছু হয়েছে। এ বিষয়ে পুলিশ কোন কিছু জানাতে চাইনি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।ময়না তদন্তে রিপোর্ট পেলেই অনেকটাই পরিষ্কার হবে মৃত্যুর কারণ সম্পর্কে বলে পুলিশ জানিয়েছে।







