দীর্ঘকালীন ঐতিহ্য অনুসরণ করে এ বছরও সাড়ম্বরে রাখিবন্ধন উৎসব পালন করল সুবর্ণজয়ন্তী অতিক্রান্ত কাঁথি শিশুমহলের কচিকাঁচারা।
বুধবার কাঁথি শিশুমহলের কচি-কাঁচা সহ প্রশিক্ষক-প্রশিক্ষিকা, পরিচালন সমিতির সদস্যবৃন্দ এবং অভিভাবক- অভিভাবিকাবৃন্দ রাখির সম্ভার নিয়ে পথে নামলেন। রাখিবন্ধনের গান গাইতে গাইতে পথ-পরিক্রমা করে কাঁথি শহরের বিভিন্ন অফিস, ব্যাংক, প্রশাসনিক দপ্তর, সংবাদপত্র দপ্তর প্রভৃতি স্থানে গিয়ে আধিকারিকদের রাখি পরানো হয়। কাঁথি বড় ডাকঘর সংলগ্ন অঞ্চলে পথচারীর মানুষদের হাতেও কচি-কাঁচারা রাখি পরিয়ে শ্রদ্ধা-শুভেচ্ছা বিনিময় করে। পরে কাঁথি ক্লাব গঙ্গাধর ভবন সংলগ্ন মাঠে প্রশিক্ষক-প্রশিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকা, কর্মকর্তাবৃন্দ এবং শিশুরা নিজেদের মধ্যে রাখি বেঁধে আনন্দ- উৎসবে মেতে ওঠে। অনুষ্ঠানটি সুচারু ভাবে সম্পন্ন হওয়ায় সংস্থার সম্পাদক নটেন্দ্রনাথ মাঝি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।







