Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

সংলাপের নাটক “চোপ ! আদালত চলছে”।

কেকা মিত্র :- কোভিডের অতিমারিতে দুবছর গৃহবন্দি থাকার পর এই প্রথম একাডেমী অব্ ফাইন আর্টসে গত ১২ জানুয়ারি নাটক দেখতে গিয়েছিলাম। হলে গিয়ে বেশ কয়েকটি সিনেমা দেখেছি , কিন্তু নাটক দেখা হয়ে ওঠেনি। কারণ কিছুটা বয়সজনিত অলসতা, আবার কিছুটা ভাল নাটকের অপ্রতুলতার জন্য।

সংলাপের সব নাটক দেখা হয়ে ওঠেনি শুধু “অভিনেত্রী” ও “ধর্মযুদ্ধ” দেখেছি। এই দলের সবার অভিনয় ও পরিচালনা উচ্চমানের। ওদের এই নতুন নাটক “চোপ! আদালত চলছে” নিশ্চিতভাবে এক সফল প্রযোজনা।

১৯৬৭ সালে প্রখ্যাত নাট্যকার বিজয় টেন্ডুলকারের মূল মারাঠি নাটক ” শান্ততা কোর্ট চালু আহে” ইংরেজি ও ভারতের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। বাংলা গ্ৰুপ থিয়েটারের সুবর্ণ যুগ সেই সত্তর দশকে বহুরূপী নাট্যদলের অভিনীত এই নাটক বাংলা নাট্য জগতে এক আলোড়ন সৃষ্টি করে। সেই নাটকে তৃপ্তি মিত্রের অবিস্মরণীয় অভিনয় দেখার সৌভাগ্য হয়েছিল।
আজ থেকে পঞ্চান্ন বছর আগে যে বিষয় ও আঙ্গিক ব্যবহার হয়েছিল তা অভাবনীয়।

কুমারী মায়ের গর্ভের সন্তান সমাজের চোখে গর্হিত অপরাধ। খেলার ছলে এক বিচারালয় তৈরি করে সেই নারীকে কি করে অভিযুক্ত করা আর পিতৃপরিচয় দেওয়ার জন্য তাঁর প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাওয়া, এই নিয়ে নাটক।

যে কোন নাটক দলগত সংহতি ছাড়া সফল হতে পারে না। সংলাপের সাতজন অভিনেতা ও দুজন অভিনেত্রী যেন এক সুরে বাঁধা। তবে নাটকে অভিযুক্ত আসামী স্কুলের শিক্ষিকা ই মূল চরিত্র ‌। তাই তার কথা আলাদা করে বলতেই হয়। অভিযুক্ত আসামী সৃষ্টির ভূমিকায় শ্রীমতী শর্মিলা বোস নাটকের শেষের দশ মিনিটের স্বীকারোক্তি দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে। এছাড়া বিচারকের ভূমিকায় প্রবীণ অভিনেতা বিতানবিন্দু বন্দোপাধ্যায় ও তাঁর যুবতী জায়ার ভূমিকায় শিপ্রা পালের অভিনয় মনে রাখার মত। খুব ভাল লেগেছে শান্তির চরিত্রে কাজল শম্ভুকে। বাকি সব অভিনেতারা যথাযত চরিত্র অনুযায়ী অভিনয় করেছে।
সর্বোপরি পরিচালক কুন্তল মুখোপাধ্যায়ের মুন্সিয়ানা নাটকটিকে একটি সফল প্রযোজনা হতে সাহায্য করেছে।
তবে আবহ সঙ্গীত ও আলো নিয়ে চিন্তার অবকাশ আছে বলে আমার মনে হয়েছে।

বহুরূপী ইঁদুর মারার বিষ Tik 20 ব্যবহার করেছিল। পাত্র পাত্রীর নামকরণ মারাঠি নাটক অনুযায়ী রাখা হয়েছিল। তবে তা অনুকরণ না করে কোন ক্ষতিবৃদ্ধি হয়নি।

সব মিলিয়ে এক সুন্দর সন্ধ্যার অভিজ্ঞতা সবার সাথে ভাগ করে নিলাম। যারা নাটক দেখতে ভালবাসেন তাদের অবশ্যই ভাল লাগবে।

Related News

Also Read