পূর্ব মেদিনীপুর জেলার রামনগর অঞ্চলের দক্ষিণ তেতুলতলা হরিপুর শিখরপুর সহ বেশ কয়েকটি গ্রাম কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে বিপর্যস্ত।কাঁথি ১ ব্লকের মহিষাগোট এবং এগরাতেও ব্যাপক বিপর্যয় ঘটেছে।
শনিবার বিকালে কালবৈশাখী ঝড়ের সঙ্গে ব্যাপক সিলা বৃষ্টিও হয়েছে বলে জানা গেছে। কয়েক মিনিটের দমকা ঝড় নিমেষে এই ধরনের ক্ষতি করে দেওয়া এর আগে কখনো দেখেনি বলে দাবি করেছেন এলাকার মানুষজন।
দুর্যোগগ্রস্ত এলাকায় কয়েকশো বাড়ি যেমন ভেঙেছে তেমনিভাবে ধান পান চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। বড় বড় গাছ ভেঙেছে, লাইট পোস্ট ভেঙেছে, উড়িয়ে নিয়ে গেছে বাড়ির চালা। অসহায় ভাবে দিন কাটাচ্ছেন গৃহহীন এই সমস্ত পরিবারের লোকজনেরা।
দুর্যোগগ্রস্থ মানুষেরা জানিয়েছেন বিঘার পর বিঘা ধান পান কলা বাগান সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

রবিবার সকাল থেকেই এলাকায় পরিদর্শন এসেছেন জয়েন্ট বিডিও এলাকার অঞ্চল প্রধান, জনপ্রতিনিধিরা। সরকারী ও ব্যাক্তিগত ভাবে দুর্যোগগ্রস্থ মানুষদের হাতে ত্রিপল,চাল,মুড়ি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে।
প্রশাসনের থেকে জানা গেছে বাড়ি ঘর কিংবা চাষাবাদের ক্ষতি হলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি।পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমান খতিয়ে দেখা হচ্ছে।






