আসন্ন উৎসব মরসুমে চড়া আওয়াজে মাইক বাজানোর উপরে এবার রাশ টানার উদ্যোগ নিলো রাজ্য সরকার।
রাজ্যের পরিবেশমন্ত্রী মানস ভুঁইয়া জানিয়েছেন, দফতরের শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে। সংশ্লিষ্ট কমিটি জেলা স্তরের কমিটির কাছ থেকে তথ্য সংগ্রহ করবে। সেই অনুযায়ী সাপ্তাহিক বৈঠকে দূষণ রোধে রূপরেখা ঠিক করবে কমিটি।
কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থতার জেরে গত সপ্তাহেই রাজ্য সরকারের ক্ষেত্রে সাড়ে তিন হাজার কোটি টাকা ক্ষতিপূরণ ধার্য করেছিল জাতীয় পরিবেশ আদালত। তারই পরিপ্রেক্ষিতে এবার নড়েচড়ে বসলো রাজ্য পরিবেশ দফতর।
পরিবেশমন্ত্রী জানিয়েছেন, শব্দদূষণ রোধে দফতরের সঙ্গে একযোগে কাজ করার জন্য বিধায়ক, পুর প্রশাসনের চেয়ারম্যান, পঞ্চায়েত প্রধান-সহ সমস্ত জনপ্রতিনিধির কাছে চিঠির মাধ্যমে আবেদন জানানো হবে, যাতে উৎসবের মরসুমে নিয়ম লঙ্ঘন করে মাইক্রোফোন বা লাউডস্পিকার না বাজে। এ ক্ষেত্রে সাধারণ নাগরিকদের সচেতনতাকেই গুরুত্ব দিয়েছেন মন্ত্রী। শব্দবিধি লঙ্ঘন করলে পাঁচ বছর পর্যন্ত জেল ও এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।






