জমি সংক্রান্ত বিবাদের জেরে প্রতিবেশী দম্পতিকে ধারালো ছুরি মেরে খুন করার চেষ্টা করলো প্রতিবেশী যুবক।এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের কাঁকসা থানার মুচিপাড়া এলাকায় । গুরুতর আহত অবস্থায় দুজনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে স্ত্রী মনি মুর্মু ও স্বামী উত্তম মুর্মুকে। এর মধ্যে মনি মুর্মুর অবস্থাসংকটজনক বলে জানা গেছে।অভিযুক্ত রানা সিং কে আটক করেছে পুলিশ।
ঘটনার প্রত্যক্ষদর্শী নিলাম মুর্মু জানান প্রতিবেশী যুবক রানা সিং ও তার স্ত্রীর সাথে প্রতিবেশী মুনি মুর্মুর বাদানুবাদ হয় শুক্রবার সকাল থেকেই। তার জেরেই রানা সিং তার স্ত্রী মনিকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ । মনির স্বামী উত্তম মুর্মু বেসরকারি কারখানার কাজ সেরে বাড়ি ফেরার পর দেখে তার স্ত্রী অচৈতন্য অবস্থায় রাস্তায় পড়ে। রানা সিং কেন তার স্ত্রীকে মারধর করল? জানতে চাইলে রানা সিং উত্তম মুর্মু কে ছুরি দিয়ে আঘাত করে। এরপর এই এলাকার লোকেরা জড়ো হয়। ঘটনাস্থলে ছুটে আসে মলানদিঘি ফাঁড়ির পুলিশ।






