রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে পাশে নিয়ে মনোনয়ন জমা দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।হলদিয়া মহকুমাশাসকের দপ্তরে শুভেন্দু অধিকারী সহ সোমবার মহিষাদলের বিজেপি প্রার্থী সুভাষ পাঁজা ও হলদিয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী প্রদীপকুমার বিজলিও মনোনয়ন জমা দেন। তাঁদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
সোমবার সকালে নন্দীগ্রামের রেয়াপাড়াতে পুজো দিয়ে হলদিয়ার কদমতলায় বিজয় সংকল্প সভায় যোগদান করেন শুভেন্দু অধিকারী। সেই সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং দলের রাজ্য ও জেলা নেতৃত্ব। এরপর সেখান থেকে ট্যাবলো গাড়িতে চেপে হলদিয়া মহকুমাশাসকের দপ্তরে যান শুভেন্দু।মনোনয়নের জন্য গতকাল শুভেন্দু অধিকারীর হাতে দলীয় প্রতীক তুলে দেওয়া হয়েছে। নন্দীগ্রামের প্রার্থীর হাতে দলীয় প্রতীক তুলে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
বিধানসভার প্রথম দফায় মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৬ এপ্রিল। প্রথম দফায় ১৫২ আসনের মনোনয়ন জমার কাজ শুরু হল আজ থেকেই।
বঙ্গ বিজেপির দুই শীর্ষ নেতা দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর মধ্যে দ্বন্দ্ব মেটাতে দীর্ঘদিন থেকে নেমেছে দিল্লির নেতৃত্ব। এর আগে আসরে নেমেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এবার ছাব্বিশের নির্বাচনের আগে বিরোধ ভুলে ফের কাছাকাছি দেখা গেল দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীকে।





